ভারতের পাঁচ তারকা মানের বিশ্ববিদ্যালয়গুলো

প্রতিদিন ভোরে ঘুম থেকে জেগেই সামনের উঠানে পাঁচটি ময়ূরের নাচ দেখতে পান দুর্গা কাওয়ার। একচিলতে ফলবাগানের পরই ঝিকিমিকি লেক আর মালয়েশীয় অর্কিডের সারি। ব্যবস্থাপনার ১৯ বছরের এই শিক্ষার্থী এ সময় তাঁর প্রতিদিনের যোগব্যায়াম সেরে নেন। তারপর বেঙ্গালুরুর এই শিক্ষার্থী সকালের নাশতা সারতে যান বিশাল এক খাবার ঘরে। স্ফটিকের ঝাড়বাতি ঝোলানো ওই হলঘরের সাজসজ্জা হ্যারি পটারের সাড়াজাগানো ছবির সেই হলঘরের কথা মনে করিয়ে দেয়।
এই হচ্ছে ভারতের রাজস্থানে অবস্থিত মোদি ইনস্টিটিউট অ্যান্ড টেকনোলজির আবাসিক শিক্ষার্থীদের বিলাসবহুল জীবন; যা পাঁচ তারকা মানের হোটেলের আয়েশি জীবনের শামিল।
বিশ্ববিদ্যালয়টিতে রয়েছে ছয়তলা বিলাসবহুল বিপণিকেন্দ্র, পাঁচতারা হোটেল, বিলাসবহুল স্নানঘর, নকশা করা লাউঞ্জ, শ্রেণীকক্ষে রয়েছে টাচস্ক্রিন প্রযুক্তি ব্যববহারের সুযোগ।
শুধু এমআইটিএস নয়, এমন সুযোগ-সুবিধা নিয়ে ভারতে গড়ে উঠেছে বেশ কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের জন্য অবকাঠামোগত সর্বোচ্চ সুযোগ-সুবিধা দেওয়াই তাদের লক্ষ্য।
শিক্ষাবিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান ইজিইর প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব গুপ্ত বলেন, ‘ভারতে ১৫ বছর আগেও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে ভালো চোখে দেখা হতো না। এখন অভিভাবকেরা নতুন নতুন পছন্দের দিকে বেশ উদার। বিশ্ববিদ্যালয়ের অনেক বড় ক্যাম্পাস, এসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বেশি চাকরি পাওয়ার হার, বিলাসবহুল সুযোগ-সুবিধা আর ব্যাপক প্রচার—এসব আজ নতুন বিশ্ববিদ্যালয়গুলো সম্পর্কে আমাদের ধারণা পাল্টে দিয়েছে।’
এসব বিশ্ববিদ্যালয় শুধু চাকচিক্য বা গ্ল্যামারের জন্য আলোচিত নয়। এক হিসেবে দেখা গেছে, গত বছর এমআইটিএস এবং ফাগওয়ারা লাভলি প্রফেশনাল বিশ্ববিদ্যালয়ের প্রায় শতভাগ শিক্ষার্থীর চাকরি হয়েছে। মাইক্রোসফট আইটির মানবসম্পদ বিভাগের পরিচালক রাজিব বর্মণ বলেন, ‘দেশজুড়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক মেধাবী শিক্ষার্থী রয়েছেন।’
এসব বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করতে গেলে পড়াশোনা ও থাকা-খাওয়া বাবদ বছরে দুই থেকে তিন লাখ রুপি খরচ করতে হবে। ভুবনেশ্বরে কেআইআইটি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মা মালিনি নায়ের বলেন, ‘অনেকের কাছে অর্থের অঙ্কটা অনেক বেশি মনে হতে পারে। আমি মনে করি, এখানে প্রতিটি পয়সাই উশুল হচ্ছে।’
এখানে বিলাসবহুল কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরা হলো:

মোদি ইনস্টিটিউট অব টেকনোলজি অ্যান্ড সায়েন্স, লক্ষণঘর
কয়েক বছর আগেও লক্ষণঘর ছিল রাজস্থানের শিকার জেলার ছোট্ট এক শহর। এটি ছিল উষর প্রান্তর। আজ ৮০টির বেশি প্রজাতির পাখি, ১৪টি ঝরনা, সুদৃশ্য পাঁচটি ভবন, ৪০০টি গাছ এবং আট হাজার শিক্ষার্থী এই শহরের চেহারা ও অর্থনীতিকে পাল্টে দিয়েছে।
কলকাতার ধনাঢ্য ব্যবসায়ী আর পি মোদি স্বপ্নের ফসল ওই বিশ্ববিদ্যালয়। তিনি বলেন, অভিভাবক ও শিক্ষার্থীরা সবুজে ঘেরা এই ক্যাম্পাসে এসেই এটির প্রেমে পড়ে যান।
১৯৯৮ সালে মেয়েদের জন্য প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ে প্রকৌশল, ব্যবস্থাপনা, কলা, বিজ্ঞান, বাণিজ্য ও আইন বিভাগ খোলা হয়। বিশ্ববিদ্যালয়ের একই ক্যাম্পাসে মেয়েদের জন্য স্কুলও রয়েছে। সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি স্কুলটি আবাসিক, যা ছিল রাজ্যের মধ্যে ন্যাশনাল বোর্ড ফর এডুকেশন ও ট্রেনিংয়ের কাছ থেকে স্বীকৃতিপ্রাপ্ত প্রথম স্কুল। ৫০০ একরের এই ক্যাম্পাসে দুই হাজার শিক্ষার্থীর জন্য আছেন ১৫০ জন শিক্ষক।
গুজরাট থেকে আসা শিক্ষার্থী অনুকৃতি রায় (২০) বলেন, ‘এমআইটিএস দেখলে মনে হবে হোটেল ক্যালিফোর্নিয়া। যেকোনো সময় আপনি এখানে আসতে পারবেন, তবে ছেড়ে যেতে মন সায় দেবে না। খাবার থেকে শুরু করে পাঠাগার পর্যন্ত—সব ক্ষেত্রে এটি বিশ্বের সেরা ক্যাম্পাস।’

লাভলি প্রফেশনাল বিশ্ববিদ্যালয়, ফাগওয়ারা
পাঞ্জাবি বিয়েতে গরম গরম জিলাপি সরবরাহ থেকে শুরু করে লুধিয়ানা-জালানধর মহাসড়কের পাশে ৯০০ একর জায়গার ওপর গড়ে ওঠা বিশ্ববিদ্যালয় পর্যন্ত সবকিছুকেই বিশাল আর সুন্দর বলে প্রাধান্য দিয়ে থাকে লাভলি গ্রুপ। ১৯৬১ সালে বলদেব মিত্তাল লাভলি সুইটস নামের মিষ্টির একটি দোকান চালু করেন। তাঁরাই আজ গড়ে তুলেছেন লাভলি বিশ্ববিদ্যালয়।
লাভলি প্রফেশনাল বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক আমান মিত্তাল বলেন, ‘এর কয়েক বছর পর আমরা বাজাজ অটো শোরুম খুলি। আমরা সমাজকে কিছু প্রতিদান দিতে চেয়েছিলাম। এ লক্ষ্যেই বিশ্ববিদ্যালয়টি স্থাপন করি। আমাদের অন্যান্য পদক্ষেপের মতো বিশ্ববিদ্যালয়টিকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে।’
বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ট্রাম ব্যবস্থায় এই বিশ্ববিদ্যালয়ে পাঞ্জাবের সবচেয়ে বড় মুক্তমঞ্চ, শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত বিপণিকেন্দ্র, ৩০টির বেশি এটিএম বুথ, ৯০টি রেস্তোরাঁ, ১৫টি আবাসিক ভবন, আটটি অ্যাপার্টমেন্ট ব্লক, একটি ব্যায়ামাগার রয়েছে। এটি ৪০ হাজারেরও বেশি শিক্ষার্থী ও কর্মীর বাড়ির মতো।
কেরালা থেকে আসা শিক্ষার্থী বিবিন বাবু বলেন, ‘আমি প্রথমে চেন্নাই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছিলাম। কিন্তু মা-বাবা এই বিশ্ববিদ্যালয়ের কথা শোনার পর আমাকে এখানে পাঠিয়ে দিয়েছেন।’ তিনি বলেন, ‘আমি এখান থেকে ব্লুমবার্গ ইনস্টিটিউটের সঙ্গে কাজ করার একটি সুযোগ পেয়েছি। এ বছর বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তি সম্মেলনে গুগল আই/ও-তে আমি সারা ভারতের প্রতিনিধিত্ব করব।’

কলিঙ্গ ইনস্টিটিউট অব ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি (কেআইআইটি), ভুবনেশ্বর
বিশ্ববিদ্যালয়ের তড়িত্ কৌশল বিভাগের শেষবর্ষের ছাত্র সর্বজিত্ পাল বছরের শুরুতেই একটি ভালো চাকরি পেয়েছিলেন। কিন্তু মন সায় দিচ্ছিল না। খুব করে টানছিল চারুকলা। তাই বিশ্ববিদ্যালয়ের যুগ্ম রেজিস্ট্রার সুচেতা প্রিয়বাদিনিকে এ বিষয়ে পড়ার আগ্রহ জানিয়ে ই-মেইল করলেন সর্বজিত্। কিন্তু বিশ্ববিদ্যালয় তাঁকে এ ধরনের কোনো বিষয় দিতে পারেনি। তবে প্রিয়াবাদিনির সহযোগিতায় সর্বজিত্ সুইডেনে থাকা-খাওয়ার সুযোগসহ চারুকলা বিষয়ে পড়ার একটি বৃত্তি পেয়ে যান।
২৫ বর্গকিলোমিটার এলাকায় কেআইআইটির ওয়াইফাইযুক্ত ২০টি ক্যাম্পাস রয়েছে। এর মধ্যে দুটি আবার সৌরশক্তিচালিত। আরও রয়েছে মাল্টিমিডিয়াসমৃদ্ধ শ্রেণীকক্ষ। কাচের দরজা, ঝকঝকে মেঝে, রেইনওয়াটার হারভেস্টার, সুইমিং পুল, ক্যাফেটেরিয়া এবং ফুড কোর্ট।
বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অচ্যুত সামান্তা ভুবনেশ্বরে মহাঋষি কলেজে এক সময় রসায়নের শিক্ষক ছিলেন। মাসিক আয় ছিল পাঁচ হাজার রুপি। এরপর ১৯৯২ সালে দুই রুমের ভাড়া করা অ্যাপার্টমেন্টে চালু করেন ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। এরপর ১৯৯৭ সালে ব্যাংক থেকে ২৫ লাখ রুপি ঋণ নিয়ে কেআইআইটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এখন বিশ্ববিদ্যালয়ের চার হাজার কোটি রুপির সম্পদ রয়েছে। এখানে ভারতসহ বিশ্বের ২২টি দেশের ১৮ হাজার শিক্ষার্থী রয়েছেন। ফ্যাকাল্টি সদস্য রয়েছেন এক হাজার ৫০০ জন।

ইউনিভার্সাল বিজনেস স্কুল, কারজাত (মহারাষ্ট্র)
ভারতীয় বংশোদ্ভূত মার্কিন শিক্ষার্থী তেজ প্রতাপ বিবিএ পড়তে আসেন মহারাষ্ট্রে। তাঁর থাকার জন্য দেওয়া হয় ক্যাম্পাসে পারকিসন ইস্টম্যানের নকশা করা চারটি শয়নকক্ষবিশিষ্ট একটি বাড়ি। তেজ শুধু পড়াশোনা নিয়েই থেমে থাকেননি, বরং নিজের উদ্যোগে চার কামরার বাড়িতেই চালু করেন শেকসপিয়ার কিচেন নামের একটি খাবারের দোকান। সেখানে তিনিই সর্বেসর্বা। বৈদ্যুতিক চুলায় পাস্তা ও স্যান্ডউইচ তৈরি করে শিক্ষার্থীদের দ্বারে দ্বারে পৌঁছে দেন তিনি।
তরুণদীপ সিং আনন্দ, তাঁর বাবা গুরুদীপ সিং আনন্দ ও আবাসন ব্যবসায়ী বাবুলাল ভার্মা মিলে গড়ে তুলেছেন এই বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের মধ্যে তেজ প্রতাপের মতো উদ্যোগ অন্বেষণ করেন তাঁরা। তরুণদীপ ও তাঁর একাডেমিক কাউন্সিলের ছয় সদস্য শুধু পরীক্ষার ওপর ভিত্তি করে নয়, বরং একজন ছাত্রের পুরো শিক্ষাজীবন পর্যবেক্ষণ করে তাঁকে ভর্তির সুযোগ দেন। উদাহরণ হিসেবে বলা যায়, বিশ্ববিদ্যালয়ে এমন এক ছাত্রীকে ভর্তি করা হয়েছে, যিনি এর আগে বিপণনে কাজ করে দুই লাখ রুপি আয় করেছিলেন।
প্রথম বছরই ৯০ জন শিক্ষার্থী নিয়ে বিশ্ববিদ্যালয়টি হাজার কোটি রুপির শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হয়। বিশ্ববিদ্যালয়টি ব্যবসায় প্রশাসনে তিন বছরের সার্টিফিকেট কোর্স ও ১৫ মাসের এমবিএ কোর্স করার সুযোগ দিচ্ছে। সূত্র: ইন্ডিয়া টুডে অবলম্বনে।