ভারতের পাঁচ রাজ্যে মাওবাদীদের ৪৮ ঘণ্টার বন্ধ্ শুরু
অবিলম্বে যৌথ বাহিনীর অভিযান বন্ধ করার দাবিতে ভারতের মাওবাদী-অধ্যুষিত পাঁচ রাজ্যে গতকাল বুধবার থেকে ফের ৪৮ ঘণ্টার বন্ধ্ শুরু করেছে মাওবাদীরা। এই পাঁচটি রাজ্য হলো—পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, ঝাড়খন্ড, ওডিশা ও বিহার। এ ছাড়া মধ্য প্রদেশ এবং মহারাষ্ট্রের মাওবাদী-অধ্যুষিত অঞ্চলেও বন্ধ্ ডাকা হয়েছে। এই বনেধ মাওবাদী এলাকায় ব্যাপক সাড়া পড়েছে। পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর, বাঁকুরা ও পুরুলিয়া জেলায় চলছে বন্ধ্। এখানের জঙ্গলমহলে বনেধ ব্যাপক সাড়া পড়েছে। বনেধর মধ্যেই পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামের সোনামুখিতে গতকাল যৌথ বাহিনীর সঙ্গে মাওবাদীদের ব্যাপক গুলিবিনিময় হয়েছে। এতে ঝাড়গ্রামের এক পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই বন্ধ্ শুরুর আগের দিন মঙ্গলবার বিকেলে মাওবাদীরা ফের হামলা চালায় ছত্তিশগড়ে। এ হামলায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) ২৬ জন জওয়ান মারা যান এবং নিখোঁজ হন একজন। এ ছাড়া আহত হন ১৩ জন। এর মধ্যে আটজনের অবস্থা গুরুতর। মঙ্গলবার দুপুরে ছত্তিশগড়ের রাজধানী রায়পুর থেকে ৩০০ কিলোমিটার দূরে বস্তার অঞ্চলের নারায়ণপুর জেলার ধোরই রোড এলাকা দিয়ে সিআরপিএফের জওয়ানেরা টহল সেরে ফেরার পথে তাঁদের ওপর মাওবাদীরা অতর্কিতে হামলা চালায়।