ভারতের পারমাণবিক ডুবোজাহাজ প্রস্তুত
ভারতের তৈরি প্রথম পারমাণবিক শক্তিচালিত ডুবোজাহাজ পরীক্ষার জন্য প্রস্তুত হয়েছে। কয়েক মাসের মধ্যে এটি সমুদ্রে দেখা যাবে বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন।ছয় হাজার টন ওজনের এই ডুবোজাহাজটির নাম আইএনএস অরিহন্ত (শত্রু নিধনকারী)। এটি ২০০৯ সালে প্রথম প্রদর্শন করা হয়। ভারত এ রকম পাঁচটি ডুবোজাহাজ তৈরির প্রকল্প হাতে নিয়েছে। এগুলো পারমাণবিক ক্ষেপণাস্ত্র ও টর্পেডো বহন করবে।দেশটির নৌবাহিনীর প্রধান এডমিরাল নির্মল ভার্মা সাংবাদিকদের বলেন, কয়েক মাসের মধ্যেই অরিহন্তকে পরীক্ষামূলকভাবে সাগরে চালানো হবে বলে তাঁরা আশা করছেন।প্রতিরক্ষা কর্মকর্তারা জানান, অরিহন্ত ৮৫ মেগাওয়াট পারমাণবিক শক্তি দ্বারা চালিত। ঘণ্টায় এর গতিবেগ হবে ৪৪ কিলোমিটার। ৯৫ জন ক্রু থাকবে ডুবোজাহাজটিতে।এর আগে ভারত চলতি বছরের এপ্রিলে তাদের সেনাবাহিনীতে রাশিয়া থেকে আনা একটি পারমাণবিক শক্তিচালিত ডুবোজাহাজ যুক্ত করে। এর মধ্য দিয়ে চীন, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও রাশিয়ার পাশাপাশি ভারতও এখন পারমাণবিক শক্তিচালিত ডুবোজাহাজের মালিক হলো। এএফপি।