ভারতের পার্লামেন্টে অভূতপূর্ব নজির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পার্লামেন্টের চলতি বছরের শীতকালীন অধিবেশন গত সোমবার শেষ হয়েছে। ২৩ দিনের কার্যদিবসে মাত্র সাত ঘণ্টা এই অধিবেশনের কার্যক্রম চলে। লোকসভার ৫৮ বছরের ইতিহাসে শীতকালীন এই অধিবেশন অকার্যকর অধিবেশন হিসেবে ইতিহাসে জায়গা পেয়েছে।মোবাইল ফোনের ২জি স্পেকট্রাম নিয়ে পদত্যাগী টেলিকমমন্ত্রী এ রাজার দুর্নীতি খতিয়ে দেখতে যৌথ সংসদীয় কমিটি গঠনের দাবিতে বিজেপি, সিপিএম, সিপিআই, সংযুক্ত জনতা দল, সমাজবাদী পার্টিসহ ১১টি বিরোধী দল পার্লামেন্টের উভয় কক্ষ অচল করে রাখে। প্রতিদিনই বিরোধীদের বাধার মুখে রাজ্যসভার চেয়ারপার্সন হামিদ আনসারি ও লোকসভার স্পিকার মীরা কুমার অধিবেশন মুলতবি করতে বাধ্য হন।শীতকালীন এই অধিবেশনে ৫৮টি বিলের মধ্যে মাত্র দুটি বিল বিতর্কের পর পাস হয়েছে। এই বিল পাসের মাধ্যমে উড়িষ্যা রাজ্যের নাম পরিবর্তন করে ওডিশা করা হয়েছে। ১০টি বিল উত্থাপন করা হয়েছিল, যেগুলো আলোচনাই হয়নি। রেলওয়ের জন্য ৪৫ হাজার কোটি রুপির একটি বিল মাত্র সাত মিনিটে পাস করা হয়। আর সরকার ও বিরোধী দলের হট্টগোলের মধ্যে প্রশ্নোত্তর পর্ব পণ্ড হয়ে যায়। পার্লামেন্ট সূত্র জানায়, স্পিকার, ডেপুটি স্পিকার, লোকসভার সদস্যদের বেতন-ভাতাসহ আনুষঙ্গিক বিভিন্ন বিষয় নিয়ে এবারের অধিবেশনে সরকারের মোট ব্যয় হয়েছে ১৪৬ কোটি রুপি।পার্লামেন্টে লোকসভার সদস্যদের মধ্যে বিতণ্ডার বিষয়টি নতুন কিছু নয়। বোফর্স কেলেঙ্কারি, হারশা মেহতা সিকিউরিটিজ ও কফিন কেলেঙ্কারি নিয়ে লোকসভায় এমন ঘটনা ঘটেছে। কিন্তু কাজ না হওয়ার দিক থেকে এবারের অধিবেশন আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।ভারতের পার্লামেন্টবিষয়ক মন্ত্রী পবন কুমার বানসাল বলেন, ভারতের পার্লামেন্টের ইতিহাসে এমনটা হয়নি। এতে পার্লামেন্টের কার্যক্রমের নীতিমালা লঙ্ঘিত হয়েছে। এটি অপরাধ। যাদের গণতন্ত্রের অভিভাবক বলা হয়, তারাই গণতন্ত্রকে ধংস করছে। তিনি আরও বলেন, সরকার শুধু কারণ খতিয়ে দেখার জন্য যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) গঠন করতে চায় না। এসব ক্ষেত্রে জেপিসি খুব কর্যকর নয়। আর জেপিসি সেই অর্থে কোনো তদন্ত কমিটিও নয়। তবে মন্ত্রী বানসালের এই বক্তব্যের বিরোধিতা করে বিরোধী দলের জ্যেষ্ঠ একজন নেতা বলেন, পার্লামেন্টকে সঠিক পথে নেওয়ার জন্য মন্ত্রী বানসাল খুব কম কাজই করেছেন। ক্ষমতাসীন ও বিরোধী দলের মধ্যে সমঝোতার জন্য তাঁর অনেক কাজ করা উচিত ছিল। তিনি তা না করে অসহায়ভাবে এ বিষয়গুলো পর্যবেক্ষণ করছেন।কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী বলেন, বিরোধী দল কীভাবে পুরো অধিবেশন পণ্ড করে দিয়েছে, দেশের মানুষ তা দেখেছে। জনগণ বিরোধী দলকে কখনো ক্ষমা করবে না। লোকসভার বিরোধী দলের নেতা সুষমা স্বরাজ বলেন, ‘পার্লামেন্ট অধিবেশনে কাজ না হওয়ার জন্য সরকার এককভাবেই দায়ী। দুর্নীতির তদন্তে যৌথ সংসদীয় কমিটি গঠনের জন্য আমাদের দাবি নাকচ করে সরকার কোনো কিছু গোপন করতে চাইছে।’ কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী জেপিসি গঠনে বিরোধী দলের দাবি নাকচ করে দিয়েছেন। আর বিরোধী দল জনমত গঠনের উদ্দেশ্যে জেপিসির দাবিতে রাস্তায় নামলে সামনের দিনগুলো কংগ্রেসের জন্য কঠিন হয়ে উঠবে।