ভারতের পৃথ্বি-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা
ভারতের সশস্ত্র বাহিনীর স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড (এসএফসি) ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য পৃথ্বি-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। গতকাল শনিবার ওডিশা রাজ্যের বালাশোর জেলার চণ্ডীপুর থেকে এর উৎক্ষেপণ করা হয়।কর্মকর্তারা জানান, চণ্ডীপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ (আইটিআর) থেকে বেলা ১১টা ৪ মিনিটে ভ্রাম্যমাণ উৎক্ষেপকের সাহায্যে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। ক্ষেপণাস্ত্রটি তার নির্ধারিত পুরো দূরত্ব ৩৫০ কিলোমিটার পথ অতিক্রম করে। এটি বঙ্গোপসাগরে লক্ষ্যস্থলের ১০ মিটারেরও কম দূরত্বে নির্ভুলভাবে আঘাত হানে।ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) পৃথ্বি-২ ক্ষেপণাস্ত্রের উন্নয়ন করেছে। ক্ষেপণাস্ত্রটিতে তরল জ্বালানি ব্যবহার করা হয়। এটি ৫০০ কিলোগ্রাম ওজনের যুদ্ধাস্ত্র বহনে সক্ষম। উৎক্ষেপণের সময় উপস্থিত ছিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রীর বিজ্ঞানবিষয়ক উপদেষ্টা ভি কে শরস্বত। তিনি এই পরীক্ষাকে এক ‘অসাধারণ সাফল্য’ বলে আখ্যায়িত করেছেন। ভারতের সেনা, নৌ ও বিমানবাহিনীর জন্য পৃথ্বি ক্ষেপণাস্ত্রের তিনটি পৃথক ধরন রয়েছে। এর মধ্যে পৃথ্বি-২ বিমানবাহিনীর জন্য তৈরি। দ্য হিন্দু।