ভারতের প্রজাতন্ত্র দিবসে পাকিস্তানকে প্রণবের হুঁশিয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রজাতন্ত্র দিবস গতকাল শনিবার পালন করা হয়েছে। এ উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বলেছেন, সীমান্তে ব্যাপক লড়াইয়ের পর পাকিস্তানের প্রতি বন্ধুত্বের হাত প্রসারিত রাখা হবেই—এমনটা ধরে নেওয়া উচিত হবে না। প্রণব মুখার্জি বলেন, ‘আমরা সীমান্তে শান্তি বজায় রাখতে চাই। প্রতিবেশীর প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে চাই।’প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রাজধানী নয়াদিল্লিসহ ভারতজুড়ে কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। নয়াদিল্লির বার্ষিক কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। নিরাপত্তার স্বার্থে ওই এলাকায় সাধারণ মানুষের চলাচল বন্ধ করে দেওয়া হয়।নয়াদিল্লিতে গণধর্ষণ প্রসঙ্গ: পাকিস্তান প্রসঙ্গ ছাড়াও প্রণব মুখার্জি তাঁর ভাষণে নয়াদিল্লিতে গত মাসে চলন্ত বাসে মেডিকেলের ছাত্রীকে গণধর্ষণের বিষয় নিয়ে কথা বলেন।রাষ্ট্রপতি বলেন, ওই ঘটনার পর ভারতের এখন ‘নৈতিক মাপকাঠি’ পুনর্নির্ধারণের সময় এসেছে। ২৩ বছর বয়সী ওই তরুণী ছিলেন ভারতীয় নবজাগরণের প্রতীক। তাঁর মৃত্যুর মধ্য দিয়ে ভারত একটি অমূল্য জীবনের চেয়েও বেশি কিছু হারিয়েছে —একটি স্বপ্ন হারিয়েছে। তাই নিজেদের ত্রুটি-বিচ্যুতি খুঁজে বের করার জন্য এখন বিবেকের গভীরে দৃষ্টিপাত করতে হবে। এএফপি।