ভারতের প্রজাতন্ত্র দিবসে শক্তির প্রদর্শনী
বর্ণাঢ্য সামরিক কুচকাওয়াজ ও সমরাস্ত্র প্রদর্শনীর মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার ভারতের ৬৩তম প্রজাতন্ত্র দিবস উদ্যাপিত হয়েছে। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কুচকাওয়াজ উপভোগ করেন। অভিবাদন গ্রহণ করেন ভারতের রাষ্ট্রপতি প্রতিভা পাতিল। ইংলাক গত সোমবার নয়াদিল্লি পৌঁছান।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দেশটির প্রধানমন্ত্রী মনমোহন সিং, প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি, ইউপিএ চেয়ারপারসন সোনিয়া গান্ধী ও মার্শাল অব এয়ার ফোর্স অর্জন সিং। এ ছাড়া সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি প্রতিভা পাতিল বলেন, ব্যাপক অর্থনৈতিক প্রবৃদ্ধি সত্ত্বেও দেশের দারিদ্র্য একটি উদ্বেগের বিষয়। তিনি বলেন, ‘আমরা ভারতের ক্রমবর্ধমান অর্থনৈতিক প্রবৃদ্ধি ও এর প্রভাব দেখছি। কিন্তু এখনো অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে, যা আমাদের করা হয়নি।’কুচকাওয়াজে প্রথমবারের মতো অগ্নি-৪ ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়। এ ক্ষেপণাস্ত্র সাড়ে তিন হাজার কিলোমিটার (দুই হাজার ১৭০ মাইল) দূরের লক্ষ্যবস্তুতে এক টন ওজনের পারমাণবিক অস্ত্র বহন করে নিয়ে যেতে সক্ষম। ২০১১ সালের নভেম্বরে এ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানো হয়। এ ছাড়া যুক্তরাষ্ট্রের তৈরি সি-১৩০জে সুপার হারকিউলিস বিমান, রাশিয়ার তৈরি সুখোই-৩০, মিগ-২৯, যুক্তরাজ্যের তৈরি জাগুয়ার বোমাবাহী বিমান ও সামরিক হেলিকপ্টার প্রদর্শন করা হয়। এগুলো অতিথিদের সামনে দিয়ে ফ্লাইপাস্ট করে যায়। তা ছাড়া জাতীয় ঐতিহ্য ও বিভিন্ন প্রদেশের নিজস্ব সংস্কৃতিও তুলে ধরা হয়।প্রজাতন্ত্র দিবসে রাজধানীতে কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। ২৫ হাজার পুলিশ, কমান্ডো ও সেনাসদস্য নয়াদিল্লি ঘিরে নিরাপত্তাবলয় তৈরি করে। সম্ভাব্য জঙ্গি হামলার আশঙ্কায় নয়াদিল্লির আকাশে ঘোষণা করা হয় নো-ফ্লাই জোন। এএফপি ও দ্য হিন্দু।