ভারতের প্রতি যুক্তরাষ্ট্রের সামরিক প্রেম

চীনের সঙ্গে ভারতের সামরিক সম্পর্ক যখন দ্রুত উন্নতির দিকে, তখন উপমহাদেশের সবচেয়ে বড় রাষ্ট্রটির আঞ্চলিক নিরাপত্তার স্বার্থের কথা বলে সেটির সঙ্গে সামরিক সম্পর্ক বাড়ানোর ইচ্ছা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।
এক মার্কিন সেনা কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা আইএএনএস বলছে, যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে সেনাবাহিনী পর্যায়ে সম্পর্ক গড়তে আগ্রহী।
যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় বাহিনীর কমান্ডার অ্যাডমিরাল স্যামুয়েল লকলেয়ার গতকাল মঙ্গলবার এক গণমাধ্যমকে বলেন, ‘এটি (ভারত-যুক্তরাষ্ট্রের মধ্যকার সামরিক সম্পর্ক) আঞ্চলিক নিরাপত্তার জন্য ভালো, জাতীয় স্বার্থের জন্য ভালো, আমার মনে হয়, ভারতের জাতীয় স্বার্থের জন্যও ভালো।’
গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বৈঠকের পর যৌথ নিরাপত্তা সহযোগিতাবিষয়ক প্রজ্ঞাপন জারি করে ভারত ও যুক্তরাষ্ট্র। যেখানে দুই নেতা একসঙ্গে নিবিড় সামরিক সহযোগিতার অঙ্গীকার করেন।
লকলেয়ার এক সংবাদ সম্মেলনে বলেন, ভারতীয় মিত্রদের সঙ্গে কৌশলগত সম্পর্ক নির্ধারণে প্রতিরক্ষা বিভাগকে গত বছর নির্দেশ দেওয়া হয়েছে।
এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন নিরাপত্তাবিষয়ক প্রতিবেদন নিয়ে করা সংবাদ সম্মেলনে লকলেয়ার বলেন, ‘কীভাবে যৌথভাবে কাজ করা যায়, তা আমরা ভাবছি। এটা হতে পারে কোনো যৌথ কারবার বা একসঙ্গে মিলে কোনো সামরিক সরঞ্জাম তৈরির জন্য যৌথ উদ্যোগ গ্রহণ।’
লকলেয়ার মালাবারে দুই দেশের মধ্যে চলমান নৌবাহিনীর সামরিক অনুশীলনের উদাহরণ দিয়ে বলেন, ‘এ সামরিক অনুশীলনের মাধ্যমে মার্কিন নৌবাহিনী ভারতীয় নৌবাহিনীকে বোঝার একটি বড় সুযোগ পেয়েছে।’
সম্প্রতি কাশ্মীরে ভারত ও পাকিস্তানের সংঘাত নিয়ে প্রশ্ন করা হলে লকলেয়ার বলেন, ‘আমি মনে করি, ভারত-পাকিস্তানের সম্পর্কে ইতিবাচক পথে এগিয়ে নেওয়ার দীর্ঘ ঐতিহাসিক ভিত্তি আছে।...সীমান্ত সংঘাতের ব্যাপারে আমার মনে হয়, যদি তারা এই একুশ শতকে এগিয়ে যেতে চায়, তবে কোনো একজন এ কথা বলবে যে আমাদের নিরাপত্তার স্বার্থে এসব সংঘাত ভালো কিছু নয়।’
আফগানিস্তান থেকে আগামী বছর মার্কিন সেনা প্রত্যাহারের পর সেখানকার যোদ্ধারা কাশ্মীরের দিকে ফিরলে কী হবে, এমন প্রশ্নের উত্তরে লকলেয়ার বলেন, সন্ত্রাসী তত্পরতা সামলাতে করণীয় নির্ধারণে যুক্তরাষ্ট্র এ অঞ্চলজুড়ে তার মিত্র ও সাথিদের সঙ্গে বিস্তারিত আলোচনা করছে। এ আলোচনায় ভারত ও পাকিস্তানের মিত্ররা থাকছে।