ভারতের প্রতিরক্ষায় পারমাণবিক শক্তিচালিত ডুবোজাহাজ
ভারতের নৌবাহিনীতে গতকাল বুধবার রাশিয়ার তৈরি পারমাণবিক শক্তিচালিত একটি ডুবোজাহাজ যুক্ত হয়েছে। এর মধ্য দিয়ে ভারত এই অস্ত্রের মালিক দেশের অভিজাত ক্লাবে নাম লেখাল। রাশিয়ার তৈরি ১০০ কোটি ডলার (৬৩ কোটি ইউরো) ব্যয়ে এ ডুবোজাহাজ ১০ বছরের জন্য ইজারা নিচ্ছে ভারত। গত জানুয়ারিতে রাশিয়ার পূর্বাঞ্চলে ভারতের কাছে ডুবোজাহাজটি হস্তান্তর করা হয়। ভারত ছাড়াও চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের পারমাণবিক শক্তিচালিত ডুবোজাহাজ রয়েছে। আট হাজার ১৪০ টন ওজনের আকুলা ২-ক্লাস ডুবোজাহাজটির নাম দেওয়া হয়েছে আইএনএস চক্র-২। রাশিয়ায় এটির নাম ছিল কে-১৫২ নেরপা।ভারতের পূর্বাঞ্চলে বঙ্গোপসাগরের উপকূলীয় এলাকায় আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীর হাতে ডুবোজাহাজাটি তুলে দেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি। ডুবোজাহাজটি ভারতের পূর্বাঞ্চলীয় উপকূলে মোতায়েন করা হবে। এর ফলে একটা বিষয় স্পষ্ট হলো, পাকিস্তানের চেয়ে চীনকে বেশি হুমকি বলে মনে করে নয়াদিল্লি। এএফপি।