ভারতের প্রথম দেশীয় বিমানবাহী রণতরির উদ্বোধন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত আজ সোমবার তার প্রথম নিজের তৈরি বিমানবাহী রণতরি ‘আইএনএস বিক্রান্ত’ উদ্বোধন করবে। এর মাধ্যমে দেশটি এ রকম আকার ও সক্ষমতার রণতরি নির্মাণে সক্ষম হাতে গোনা কয়েকটি দেশের কাতারে যোগ দিল। প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনির স্ত্রী এলিজাবেথ অ্যান্টনি কোচি শিপইয়ার্ডে ৩৭ হাজার ৫০০ টনের এই রণতরির উদ্বোধন করবেন। আজকের উদ্বোধনের মাধ্যমে কার্যত রণতরিটির প্রথম পর্বের নির্মাণকাজ শেষ হবে। এরপর এটি বিভিন্ন উপকরণ সংযোজন ও পরিকাঠামো নির্মাণের জন্য আবার ডকে ভেড়ানো হবে। ২০১৬ সালে রণতরিটি পরীক্ষামূলকভাবে চালানো হবে। ২০১৮ সালের শেষ দিকে নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হবে বিক্রান্ত। ‘আইএনএস বিক্রান্ত’ থেকে মিগ২৯কে, হালকা যুদ্ধবিমান ও কামভ ৩১ বিমান উড্ডয়ন করতে পারবে। এটি ২৬০ মিটার দীর্ঘ এবং ৬০ মিটার প্রশস্ত। নৌবাহিনীর উপপ্রধান ভাইস অ্যাডমিরাল আর কে ধোওয়ান বলেন, এই রণতরির উদ্বোধন হবে ভারতীয় নৌবাহিনীর দেশীয়করণ কর্মসূচির ‘চূড়ান্ত সাফল্য’। এখন আর যে কটি দেশ এই আকারের বিমানবাহী রণতরি নির্মাণে সক্ষম, সেগুলো হলো যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য ও ফ্রান্স। পিটিআই।