ভারতের প্রথম মঙ্গল মিশনের ক্ষণগণনা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রথম মঙ্গল মিশনের জন্য গতকাল রোববার স্থানীয় সময় সকাল ছয়টা আট মিনিট থেকে আনুষ্ঠানিকভাবে ক্ষণগণনা শুরু হয়েছে। ভারতীয় নভোযান মঙ্গলায়ন আগামীকাল মঙ্গলবার রহস্যময় লাল গ্রহটির উদ্দেশে রওনা হওয়ার মাধ্যমে ৫৬ ঘণ্টার এই ক্ষণগণনা শেষ হবে।
অন্ধ্র প্রদেশ রাজ্যের শ্রীহরিকোটা থেকে মঙ্গল গ্রহের উদ্দেশে যাত্রা শুরু করবে মঙ্গলায়ন। একে বয়ে নিয়ে যাবে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল (পিএসএলভি) নামে একটি রকেট। শ্রীহরিকোটা থেকে আগামীকাল বেলা দুইটা ৩৮ মিনিটে উৎক্ষেপণ করা হবে ৪৫ মিটার লম্বা রকেট পিএসএলভি। মিশনের তত্ত্বাবধান করছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (আইএসআরও)।
প্রথমে মঙ্গলায়নের যাত্রা শুরুর করার কথা ছিল গত ২৮ অক্টোবর। তবে প্রশান্ত মহাসাগরে প্রতিকূল আবহাওয়ার কারণে তা স্থগিত করা হয়। সাগরবক্ষের আবহাওয়া এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এ জন্য যে দুটি যন্ত্রপাতিসজ্জিত বিশেষ জাহাজ থেকে মঙ্গলায়নের গতিপথ পর্যবেক্ষণ করা হবে। মঙ্গলবারও যদি আবহাওয়া অনুকূল না থাকে, তবে ১৯ নভেম্বরের মধ্যে কোনো একদিন যাত্রার নতুন তারিখ নির্ধারণ করা হবে। মঙ্গলায়নের ২০ কোটি কিলোমিটারের এই পরিভ্রমণ কমপক্ষে ৩০ নভেম্বরের মধ্যে শুরু করাকে খুবই গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। এ ক্ষেত্রে কোনো প্রকার বিলম্ব হলে, তা এই মিশনের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে।
মঙ্গলায়ন মিশনে খরচ হবে সাড়ে চার শ কোটি রুপি। এই মিশনের লক্ষ্য মঙ্গল গ্রহের আবহাওয়া নিয়ে গবেষণা চালানো। এনডিটিভি।