ভারতের প্রধানমন্ত্রীর হাতে এক রুপিও নেই!
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের হাতে এই মুহূর্তে নগদ এক রুপিও নেই। ২০০৮ সালের রাজ্যসভা নির্বাচনের সময় তাঁর হাতে ছিল নগদ ১০ হাজার রুপি।
মনমোহন সিং গতকাল বুধবার রাজ্যসভার প্রার্থী হিসেবে আসামে তাঁর মনোনয়নপত্র দাখিল করেছেন। সেখানে তাঁর সম্পত্তির হলফনামায় তিনি এ কথা জানান। এ নিয়ে তিনি পঞ্চমবারের মতো আসাম থেকে রাজ্যসভার সদস্য হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন।
তবে হলফনামায় তিনি তাঁর সম্পত্তির বিবরণ দিতে গিয়ে বলেছেন, চণ্ডীগড় এবং দিল্লিতে তাঁর দুটি বাড়ি রয়েছে। এই বাড়ি দুটির মূল্য এখন সাত কোটি ৫২ লাখ ৫০ হাজার রুপি। রয়েছে তাঁর নিজের একটি পুরোনো মারুতি ৮০০ সিসি গাড়ি। ২০০৮ সালে ব্যাংকে আমানত ছিল দুই কোটি ৪৪ লাখ ৪৬ হাজার ৯৮৬ রুপি। এখন তা বেড়ে হয়েছে তিন কোটি ৪৩ লাখ ৪৩ হাজার ৭২ রুপি। স্ত্রীর রয়েছে ১৫০.৮ গ্রাম স্বর্ণালংকার ও নগদ ২০ হাজার রুপি। মনমোহনের কোনো আয়কর বকেয়া নেই বলে হলফনামায় উল্লেখ করা হয়।