
ভারতের গুজরাট রাজ্যের মুখ্যমন্ত্রী বিজেপি নেতা নরেন্দ্র মোদি গতকাল বৃহস্পতিবার বলেছেন, ভারতে ভোটব্যাংকের ধর্মনিরপেক্ষতা নয়, বরং ‘লৌহমানব’ সর্দার বল্লভভাই প্যাটেলের ধর্মনিরপেক্ষতা প্রয়োজন।
ভারতের স্বাধীনতাসংগ্রামের অন্যতম শীর্ষ নেতা সর্দার প্যাটেলের একটি ভাস্কর্যের নির্মাণকাজ উদ্বোধনের আগে এক কৃষকসমাবেশে মোদি এই মন্তব্য করেন। এদিন ছিল প্যাটেলের ১৩৮তম জন্মবার্ষিকী। গুজরাটের নর্মদা নদীতে সাধু বেট নামের একটি দ্বীপে তাঁর একটি মূর্তি নির্মাণ করা হবে। পরিকল্পনা অনুযায়ী নির্মিত হলে এটি হবে বিশ্বের সর্বোচ্চ ভাস্কর্য।
উল্লেখ্য, গুজরাট বল্লভভাই প্যাটেল ও নরেন্দ্র মোদি উভয়েরই নিজের রাজ্য। সমাবেশে মোদি প্রধানমন্ত্রী মনমোহন সিংকে উদ্দেশ করে বলেন, ‘সর্দার প্যাটেলকে একটি রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত করে আপনি তাঁকে খাটো করছেন।’ গত মঙ্গলবার মনমোহন এক অনুষ্ঠানে বল্লভভাই প্যাটেলকে একজন কংগ্রেসি বলে আখ্যায়িত করেছিলেন। প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘যে রাজনৈতিক দলের সঙ্গে সর্দার প্যাটেল সম্পৃক্ত ছিলেন, সেই দলের সঙ্গে থাকতে পেরে আমি গর্বিত ও আনন্দিত। সর্দার প্যাটেল ছিলেন একজন পরিপূর্ণ ধর্মনিরপেক্ষতাবাদী এবং ভারতের ঐক্যে বিশ্বাসী।’
মনমোহনের ওই বক্তব্যকে মোদির জন্য আঘাত হিসেবে দেখা হচ্ছে। মোদি ভারতের আগামী নির্বাচনে প্রধান বিরোধী দল বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী।
মনমোহনের বক্তব্যে ক্ষুব্ধ মোদি সমাবেশে বলেন, সর্দার প্যাটেল যে একজন প্রকৃত ধর্মনিরপেক্ষতাবাদী ছিলেন—প্রধানমন্ত্রীর এ বক্তব্যের সঙ্গে তিনি একমত। তবে তিনি বলেন, ‘আমাদের প্রয়োজন সর্দার সাহেবের ধর্মনিরপেক্ষতা, ভোটব্যাংকের ধর্মনিরপেক্ষতা নয়। ধর্মনিরপেক্ষ প্যাটেল ভারতকে ঐক্যবদ্ধ করেছিলেন...সোমনাথ মন্দির পুনর্নির্মাণে তাঁর কোনো দ্বিধা ছিল না।’
সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সহকারী এবং তাঁর সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী। এনডিটিভি।