ভারতের প্রশংসায় তালেবান
আফগানিস্তানে হস্তক্ষেপের ব্যাপারে যুক্তরাষ্ট্রের আহ্বানে সাড়া না দেওয়ায় ভারতের প্রশংসা করেছে তালেবান।তালেবানের মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ গতকাল রোববার বলেন, আফগানিস্তানকে অন্য কোনো দেশের ঘাঁটি হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না।আফগানিস্তান থেকে ২০১৪ সালে বিদেশি সেনা প্রত্যাহারের পর দেশটিতে হস্তক্ষেপের ব্যাপারে ভারতকে আরও উদ্যোগী হওয়ার জন্য মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টা চলতি মাসে আহ্বান জানান। তালেবান জানায়, প্যানেট্টার ওই উদ্দেশ্য ব্যর্থ হয়েছে। তিনি তিন দিন ভারতে অবস্থান করেন এবং দেশটির কাঁধে বিরাট এক বোঝা চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন।সংবাদমাধ্যম সূত্র জানায়, ভারত প্যানেট্টার ওই প্রস্তাবে আগ্রহ না দেখিয়ে নিজেদের সীমাবদ্ধতার কথা জানায়। ভারত আফগানিস্তানের সবচেয়ে বড় দাতা দেশ। কিন্তু আফগানিস্তানের নিরাপত্তাসংক্রান্ত বিষয়ে জড়াতে ভারত আগ্রহী নয়। তবে তারা আফগান সেনাবাহিনীর কয়েকটি দলকে ভারতীয় সামরিক প্রতিষ্ঠানে প্রশিক্ষণ দিতে সম্মত হয়েছে।যুক্তরাষ্ট্রের সঙ্গে তালেবানের সরাসরি আলোচনা বর্তমানে স্থগিত রয়েছে। রয়টার্স।