ভারতের বন্দরে মার্কিন জাহাজের ৩৫ নাবিক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের বন্দরে অবৈধ অস্ত্র নিয়ে প্রবেশের অভিযোগে মার্কিন মালিকানাধীন একটি জাহাজের ৩৫ নাবিককে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ।

১২ অক্টোবর এমভি সিম্যান গার্ড ওহাইও নামের মার্কিন জাহাজটি আটক করে ভারতীয় কোস্টগার্ড। আটক করার পর জাহাজটিকে তামিলনাড়ুর দক্ষিণাঞ্চলের তুতিকোরিন বন্দরে নোঙর করে রাখা হয়। আজ শুক্রবার বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়।

জাহাজের ৩৫ জন নাবিক ভারত, যুক্তরাজ্য, ইউক্রেন ও ইস্তোনিয়ার নাগরিক। জাহাজটি সিয়েরা লিওনে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি বেসরকারি নিরাপত্তা সংস্থার নামে নিবন্ধন করা বলে ভারতীয় পুলিশ কর্মকর্তারা জানান। নাবিকদের মোতিয়াপুরাম থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে।

গত বছরের ফেব্রুয়ারিতে ভারতের কেরালা বন্দরের দুই জেলেকে গুলি করার অভিযোগে ইতালির দুই নাবিককে গ্রেপ্তার করা হয়।