ভারতের বাজেট পেশ করেছেন প্রণব মুখার্জি
ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি গতকাল শুক্রবার লোকসভায় ২০১০-১১ অর্থবছরের জন্য কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন। নতুন বাজেটে দেশে দুই অঙ্কের প্রবৃদ্ধি ও বাজেটঘাটতি সহনীয় পর্যায়ে নিয়ে আসার আশাবাদ ব্যক্ত করছেন অর্থমন্ত্রী।টাইমস অব ইন্ডিয়া অনলাইন জানায়, বাজেটে ৭ দশমিক ২ শতাংশের বেশি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। খুব শিগগির এ লক্ষ্যমাত্রা ১০ শতাংশ ছাড়িয়ে যাবে বলে প্রণব মুখার্জি বলেন।প্রণব মুখার্জি তাঁর বাজেট বক্তব্যে বলেন, ‘ভারতের অর্থনীতি সাফল্যের সঙ্গে বিশ্ব অর্থনৈতিক মন্দা পার করে এসেছে। সে ক্ষেত্রে মূল সমস্যা ছিল সার্বিক প্রবৃদ্ধি। আমরা চেষ্টা করেছি দুই অঙ্কের প্রবৃদ্ধি অর্জন করতে।’ প্রণব মুখার্জি আরও বলেন, বর্তমান বাজেটে সামাজিক খাতগুলোকে সংস্কার ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের পাশাপাশি অর্থনীতিতে সার্বিক প্রবৃদ্ধি অর্জন করার চেষ্টা করা হবে।৭৪ বছর বয়সী ভারতের এই অর্থমন্ত্রী এর আগে চারবার কেন্দ্রীয় বাজেট উপস্থাপন করেছেন। ২০০৮ সালের ডিসেম্বরে বিশ্বমন্দার সময় প্রণোদনা প্যাকেজ হিসেবে ঘোষিত ৩৭ বিলিয়ন ডলার অর্থনীতিতে ফিরিয়ে দেওয়ার ব্যাপারেও তিনি চাপের মুখে আছেন। তবে ভারতের অর্থমন্ত্রী সে দেশের খাদ্যের মূল্যস্ফীতি নিয়ে চিন্তিত। এ মূল্যস্ফীতির পরিমাণ এখন ১৭ দশমিক ৮৫ শতাংশ। তিনি বিষয়টি তাঁর বাজেট বক্তব্যে উল্লেখ করেছেন।নতুন বাজেটে ব্যক্তিগত আয়করের ব্যাপারে ছাড় দেওয়া হয়েছে। এখন থেকে এক লাখ ৬০ হাজার রুপির ওপর যাঁদের বার্ষিক আয়, শুধু তাঁদেরই আয়কর দিতে হবে। তবে গাড়ির মতো বিলাসসামগ্রীর দাম বাড়বে বলে অর্থমন্ত্রী জানিয়েছেন।বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দ দেওয়া হয়েছে এক লাখ ৪৭ হাজার ৩৪৪ কোটি রুপি, যা গতবারের তুলনায় চার শতাংশ বেশি।দুই মন্ত্রীর বাজেটতৃণমূল নেত্রী ও কেন্দ্রীয় মন্ত্রী মমতা বন্দোপাধ্যায় গত বুধবার লোকসভায় রেল বাজেট পেশ করার পর গতকাল শুক্রবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখার্জি ২০১০-১১ সালের জাতীয় বাজেট পেশ করেন। প্রণব ও মমতা দুজনই পশ্চিমবঙ্গের। ভারতের ইতিহাসে একই রাজ্যের দুই মন্ত্রীর একই সঙ্গে জাতীয় ও রেল উভয় বাজেট পেশের এটা তৃতীয় ঘটনা। আর পশ্চিমবঙ্গের দুই মন্ত্রীর হিসেবে এটা দ্বিতীয় ঘটনা। এর আগে ১৯৮৩-৮৪ সালে প্রথমবারের মতো ইন্দিরা গান্ধীর মন্ত্রিসভায় পশ্চিমবঙ্গের দুই মন্ত্রী লোকসভায় উভয় বাজেট উপস্থাপন করেন। সেই দুই মন্ত্রীরও একজন ছিলেন প্রণব মুখার্জি। তখনো তিনি অর্থমন্ত্রীই ছিলেন। আর রেলমন্ত্রী ছিলেন প্রখ্যাত কংগ্রেস নেতা এ বি এ গনি খান চৌধুরী।কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসেবে প্রণব এবার দ্বিতীয়বারের মতো বাজেট পেশ করেন।এ ছাড়া ১৯৯৮-৯৯ সালে অটল বিহারি বাজপেয়ির এনডিএ সরকারের আমলেও একই রাজ্যের রেলমন্ত্রী ও অর্থমন্ত্রী লোকসভার উভয় বাজেট পেশ করেন। এঁরা দুজন ছিলেন বিহারের। অর্থমন্ত্রী ছিলেন যশবন্ত সিং ও রেলমন্ত্রী ছিলেন নিতিশ কুমার। এএফপি।