ভারতের বিচার বিভাগের সমালোচনায় অ্যামনেস্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে চিকিৎসক বিনায়ক সেনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়ায় দেশটির বিচার বিভাগের কঠোর সমালোচনা করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটি ভারতকে সতর্ক করে দিয়ে বলেছে, এই রায় মাওবাদী-অধ্যুষিত এলাকায় অস্থিতিশীলতা বাড়িয়ে দিতে পারে।মাওবাদী বিদ্রোহীদের সহযোগিতা করার দায়ে বিনায়ক সেনকে গত শুক্রবার যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত। একই অপরাধে আরও দুজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। বিনায়ক সেন সরকারের বিরুদ্ধে মাওবাদীদের সংঘবদ্ধ করতে ছত্তিশগড় রাজ্যে শহরকেন্দ্রিক নেটওয়ার্ক গড়ে তুলতে সাহায্য করছেন—এ অভিযোগে তিন বছর আগে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর গত বছর বিনায়ক সেন জামিনে মুক্তি পান। এরপর তিনি নিয়মিত আদালতে হাজিরা দিয়ে নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গতকাল শনিবার এক বিবৃতিতে বিনায়ক সেনের কারাদণ্ডকে ‘প্রিজনার অব কনসায়েন্স’ (যেকোনো বিষয়ে ভিন্নমত পোষণ করে অহিংস আন্দোলনের কারণে যাঁদের কারাদণ্ড দেওয়া হয়) বলে উল্লেখ করেছে। সংস্থাটির এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক সাম জারিফি বলেন, বিনায়ক সেনের বিরুদ্ধে আনা অভিযোগের বিচার আন্তর্জাতিক মানসম্পন্ন হয়নি। এই রায়ের ফলে মাওবাদী-অধ্যুষিত এলাকায় অস্থিতিশীলতা বেড়ে যেতে পারে। তিনি বলেন, বিনায়ক সেনের বিরুদ্ধে এই রায় অন্য মানবাধিকার কর্মীদের শান্তিপূর্ণ মত প্রকাশের প্রতি হুমকি হিসেবে কাজ করবে। জারিফি আরও বলেন, ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত, যত তাড়াতাড়ি সম্ভব রায় প্রত্যাহার করে বিনায়ক সেনকে মুক্তি দেওয়া।ছত্তিশগড়ে উপজাতীয় লোকজনের চিকিৎসাসেবায় নিয়োজিত ছিলেন বিনায়ক সেন। এই মানবসেবার জন্য তিনি ২০০৮ সালে যুক্তরাষ্ট্র-ভিত্তিক গ্লোবাল হেলথ কাউন্সিল প্রবর্তিত জোনাথন ম্যান অ্যাওয়ার্ড পান।প্রসঙ্গত, বিনায়ক সেনকে গ্রেপ্তারের পর ২২ জন নোবেল পুরস্কার বিজয়ী ভারত সরকারের কাছে চিঠি দিয়ে গ্রেপ্তারের সমালোচনা ও তাঁর মুক্তি দাবি করেন। এএফপি।