ভারতের বিরুদ্ধে লড়াইয়ের হুমকি জেইউডির প্রধান হাফিজ সাঈদের
ভারতের মোস্ট ওয়ান্টেড ব্যক্তি হাফিজ সাইদ আবারও প্রকাশ্যে ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন। পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া এক সাক্ষাত্কারে জঙ্গি সংগঠন জামাত-উদ-দাওয়ার (জেইউডি) প্রধান হাফিজ সাইদ বলেন, ভারতের কাশ্মীর ও নদীর পানি বণ্টনের মতো বিষয়গুলো নিয়ে আলোচনায় সম্মত না হলে দেশটির বিরুদ্ধে যুদ্ধ ছাড়া পাকিস্তানের কোনো বিকল্প থাকবে না। ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাইতে হামলার মূল হোতা হিসেবে হাফিজ সাইদকে সন্দেহ করা হয়। তিনি তাঁর বিরুদ্ধে মুম্বাই হামলার সত্যতা প্রমাণে ভারতকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন।সাইদ বলেন, ‘নয়-এগারোর হামলার পর থেকে ভারতের মনোভাবের কথাই ভাবুন। দেশটি পাকিস্তানের দুর্বলতার সুযোগ নিয়ে বাঁধ নির্মাণ করেছে এবং পানি বন্ধ করে দিয়েছে। তাই কাশ্মীর ও পানি ইস্যুতে আলোচনায় ভারতের সম্মতি না থাকলেও পাকিস্তানকে নিজ স্বার্থেই যুদ্ধে অবতীর্ণ হতে হবে।’ তিনি ভারতের বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে জেইউডির ফিরে আসার অঙ্গীকার করেন।সাইদ আরও বলেন, পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধ শুরু হলে পাকিস্তানের সেনাবাহিনী, জনগণ ও জেইউডির সদস্যরা একযোগে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে। ভারতকে বুঝতে হবে, যুদ্ধ শুরু হলে তা কেবল কাশ্মীর ইস্যুতেই সীমাবদ্ধ থাকবে না।মুম্বাইয়ে হামলার পর এই প্রথমবার গণমাধ্যমে দেওয়া সাক্ষাত্কারে ভারত যুদ্ধ চায় বলে দাবি করেন সাইদ। তিনি প্রশ্ন করেন, তারা কেন বৈঠক করতে চায় না। তিনি দাবি করেন, ‘যখনই আলোচনার কথা ওঠে, তখন তারা কেবল হাফিজ সাইদ ও মুম্বাই হামলার প্রসঙ্গ ছাড়া কথা বলতে চায় না। আমরা আলোচনা করতে চাই, কিন্তু তারা আন্তরিক নয়।’ তিনি বলেন, ভারত যদি বৈঠকে না বসে এবং পানি ইস্যুতে আলোচনায় সম্মত না হয়, তাহলে যুদ্ধ ছাড়া আর কী বিকল্প থাকে?হাফিজ সাইদ বলেন, পাকিস্তান যদি জিহাদ ঘোষণা না করে, তাহলে ইসলামি নেতাদের একত্র হয়ে একটি ধর্মযুদ্ধের ডাক দিতে হবে। এটি হবে শরিয়াহ্ অথবা ইসলামি আইন অনুসারেই।মুম্বাই হামলায় তাঁর সংশ্লিষ্ট থাকার ভারতের করা অভিযোগ প্রত্যাখ্যান করে সাইদ বলেন, ‘পৃথিবীর যেকোনো আদালতে গিয়ে ভারত প্রমাণ করুক, আমাদের দল অথবা দলের কেউ সংসদে হামলার ঘটনায় জড়িত। এটি প্রমাণ করতে পারলে তারা যা বলবে, আমি সেটাই মেনে নেব। এটা আমার চ্যালেঞ্জ।’ পিটিআই।