ভারতের মতো কোনো পরমাণু চুক্তি পাকিস্তানের সঙ্গে করবে না যুক্তরাষ্ট্র
ভারতের মতো কোনো রকম বেসামরিক পরমাণু চুক্তি পাকিস্তানের সঙ্গে করার ইচ্ছে নেই যুক্তরাষ্ট্রের। ওবামা প্রশাসনের পক্ষ থেকে পাকিস্তানকে ইতিমধ্যে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। ভারতের মতো পাকিস্তানও যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পরমাণু চুক্তি করার যোগ্যতা রাখে—পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির এ ধরনের বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যে ওবামা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি স্পষ্ট করা হয়। গতকালবৃহস্পতিবার ওবামা প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এক খোলা বার্তায় জানান, ইসলামাবাদের সঙ্গে বেসামরিক পরমাণু চুক্তিসংক্রান্ত কোনো আলোচনা বর্তমানে তাঁদের হচ্ছে না।যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের জনসংযোগবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পি জে ক্রাউলি গতকাল সাংবাদিকদের বলেন, এখন পাকিস্তানের প্রয়োজন জ্বালানি। এ বিষয়টির ওপরই তাঁরা গুরুত্ব দিচ্ছেন। তাঁদের বর্তমান আলোচনায় বেসামরিক পরমাণু চুক্তির বিষয়টি নেই। গত সপ্তাহেও তাঁরা এ বিষয়ে কথা বলেন। যুক্তরাষ্ট্র-পাকিস্তান কৌশলগত আলোচনার জন্য পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশির নেতৃত্বে গত মাসে একটি উচ্চপর্যায়ের পাকিস্তান প্রতিনিধিদল যুক্তরাষ্ট্র সফর করে। সে সময় পাকিস্তান প্রতিনিধিদলটি ভারতের মতো পাকিস্তানের সঙ্গেও বেসামরিক পারমাণবিক চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের নেতাদের প্রতি অনুরোধ জানায়। তাদের নানাভাবে প্রভাবিত করার চেষ্টা করে। কিন্তু ওবামা প্রশাসন ওই ধরনের চুক্তির ব্যাপারে তাদের কোনো নিশ্চয়তা দেয়নি। আবার সরাসরি প্রত্যাখ্যানও করেনি। এদিকে জাতীয় নিরাপত্তাবিষয়ক সংসদীয় কমিটির একটি বিশেষ বৈঠকে সভাপতিত্বকালে গতকাল পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বেসামরিক পারমাণবিক চুক্তি করার পূর্ণ যোগ্যতা পাকিস্তানের আছে। পাকিস্তান তার পরমাণু অস্ত্র নিরাপদে রেখেছে। পরমাণু অস্ত্রের বিস্তার রোধেও তারা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। তাই ওই ধরনের চুক্তির যোগ্যতা তারা অর্জন করেছে। গিলানি বলেন, দেশের স্থিতিশীলতার জন্য তাঁদের এখন বিদ্যুৎ ও জ্বালানি প্রয়োজন। ওই চুক্তি হলে পাকিস্তানের এ ধরনের সমস্যা অনেকটা লাঘব হবে। গিলানির এই বক্তব্যের পরই মুখ খোলেন ক্রাউলি। তিনি সাংবাদিদের জানান, পাকিস্তানের পারমাণবিক অস্ত্র নিরাপদে আছে, সুরক্ষিত অবস্থায় আছে। এ বিষয়ে তাঁদের কোনো সন্দেহ নেই। অনেক মার্কিন নেতা পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও তাঁর কোনো উদ্বেগ নেই। পরমাণু অস্ত্রের নিরাপত্তার ব্যাপারে পাকিস্তানি নেতাদের প্রতি তাঁর পূর্ণ আস্থা আছে।ক্রাউলির এই বক্তব্যের আগের দিন আরেকজন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা অবশ্য বেসামরিক পরমাণু চুক্তির ব্যাপারে ভিন্ন কথা বলেন। পরমাণু অস্ত্রের বিস্তার রোধ ও নিয়ন্ত্রণবিষয়ক মার্কিন উপদেষ্টা রবার্ট জে ইয়ানহন বলেন, বিশ্বজুড়ে জ্বালানি ও বিদ্যুৎ-সংকট মোকাবিলায় তিনি বিভিন্ন দেশের মধ্যে বেসামরিক পারমাণবিক চুক্তির বিষয়টি সমর্থন করেন। রবার্ট জে ইয়ানহন আরও বলেন, শান্তিপূর্ণভাবে পরমাণু চুক্তি ব্যবহারের বিষয়টি ওবামা প্রশাসন ইতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখে থাকে। তারা নতুন আন্তর্জাতিক বেসামরিক পারমাণবিক শক্তি স্থাপত্যশিল্পের পক্ষে। কেননা এতে বিশ্বের সব দেশ উপকৃত হবে। জ্বালানি সরবরাহের নিশ্চয়তা বিধান করতে আন্তর্জাতিক জ্বালানি ব্যাংক গঠনের একটি ধারণা নিয়েও এগোচ্ছে ওবামা প্রশাসন। এ ব্যাংক গঠন করা হলে বিভিন্ন দেশ এখান থেকে পরমাণু জ্বালানি নিতে পারবে। পিটিআই।