ভারতের মন্ত্রিসভায় ফের রদবদল হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন মাসের মাথায় আবারও মন্ত্রিসভায় রদবদল করতে যাচ্ছে ভারত সরকার। চলতি মাসের মধ্যেই এ রদবদল করা হচ্ছে। এ লক্ষ্যে কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী ও প্রধানমন্ত্রী মনমোহন সিং ইতিমধ্যে আলাদাভাবে রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে বৈঠক করেছেন। সর্বশেষ গতকাল বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন রাহুল গান্ধী। এ ছাড়া রাষ্ট্রপতির সঙ্গেও তাঁর দেখা করার কথা। ধারণা করা হচ্ছে, এবারের রদবদলের মাধ্যমে মন্ত্রিসভায় বড় ধরনের ভূমিকা রাখতে যাচ্ছেন কংগ্রেসের এই সাধারণ সম্পাদক।কংগ্রেস নেতৃত্বাধীন ক্ষমতাসীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) সরকার থেকে বেরিয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। এতে পাঁচটি মন্ত্রণালয় মন্ত্রীশূন্য হয়ে পড়ে। এ ছাড়া সোনিয়া গান্ধীর মেয়ের জামাই রবার্ট ভদ্রের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ক্ষমতাসীন সরকার বিব্রত। এ অবস্থায় শূন্যকোটা পূরণ এবং সরকারের ভাবমূর্তি পুনরুদ্ধারে মন্ত্রিসভায় রদবদল করাটা কংগ্রেসের জন্য বাঞ্ছনীয় হয়ে পড়েছে।এর আগে জুলাইয়ে সুশিল কুমার সিন্ধকে স্বরাষ্ট্রমন্ত্রী এবং পি চিদাম্বরমকে অর্থমন্ত্রী করার মধ্য দিয়ে মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল করা হয়।সূত্র জানায়, প্রধানমন্ত্রী ও রাহুলের মধ্যকার বৈঠক সম্পর্কে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানা না গেলেও মনমোহন নাকি সরকারের যোগ দেওয়ার জন্য রাহুলের প্রতি আহ্বান জানিয়েছেন। তবে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ঘণ্টাব্যাপী বৈঠকে মন্ত্রীদের পদোন্নতি এবং তাঁদের শপথের দিনক্ষণ নির্ধারণ নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্র জানায়।জানা গেছে, দুর্গাপূজা উপলক্ষে রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ২০ অক্টোবর তাঁর গ্রামের বাড়ি পশ্চিমবঙ্গে যাচ্ছেন। শনিবার থেকে তিনি চার দিনের ছুটিতে থাকবেন। এ কারণে মন্ত্রীদের শপথ পড়ানোর দিনক্ষণ নিয়ে দুটি পরিকল্পনা করছে কংগ্রেস। হয় কাল শুক্রবারের মধ্যে অথবা ২৮-২৯ অক্টোবর মন্ত্রীদের শপথ অনুষ্ঠান করা হবে। তবে শুক্রবারের মধ্যে শপথ না হলে এবং ২৭ অক্টোবর ঈদুল আজহার কারণে এই রদবদলের জন্য ২৮ অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হবে।শূন্য মন্ত্রণালয় পূরণ এবং জ্যেষ্ঠ মন্ত্রীদের মধ্যে অতিরিক্ত দায়িত্ব বণ্টন করাটা মনমোহন ও সোনিয়ার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। রেলওয়ে, টেলিযোগাযোগ, টেক্সটাইল, করপোরেট, বিজ্ঞান ও প্রযুক্তির মতো মন্ত্রণালয়গুলোর জন্য যোগ্য প্রার্থী খুঁজে পেতে তাঁদের বেগ পেতে হতে পারে। তবে কিছু শূন্যতা আর শরিকদের অনাগ্রহ সরকারের জন্য শাপে বর হয়েছে। জোটের শরিক দল ডিএমকে এরই মধ্যে জানিয়ে দিয়েছে, তারা টেলিযোগাযোগ ও পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্ব আবার নিতে রাজি নয়। তাদের এ সিদ্ধান্ত কংগ্রেসের জন্য সুবিধা বয়ে আনবে। টু জি দুর্নীতিতে ডিএমকের এ রাজা ও দয়ানিধি মরণের নাম আসার পর দুই বছর ধরে এ পদ দুটো শূন্য রয়েছে। তৃণমূল চলে যাওয়ায় যে মন্ত্রণালয়গুলো শূন্য হয়ে পড়েছে, সেগুলো গুরুত্বপূর্ণ না হলেও কংগ্রেসের জন্য তাৎপর্যপূর্ণ। কেননা, কংগ্রেস এখন আঞ্চলিক পর্যায়ে তাদের শরিক দলগুলোর মধ্যে এ মন্ত্রণালয়গুলো ভাগ করে দিতে পারবে।সূত্র জানায়, নতুন মন্ত্রিসভায় কিছু তরুণ সদস্যও যোগ হতে পারেন। রাহুলের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত মনিকা ঠাকুর ও মিনাক্ষী নটরাজন মন্ত্রিত্ব পেতে পারেন। টাইমস অব ইন্ডিয়া ও পিটিআই।