ভারতের মন্ত্রিসভায় লোকপাল বিলের নতুন খসড়া অনুমোদন প্রত্যাখ্যান আন্না হাজারের
ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা গতকাল বৃহস্পতিবার লোকপাল বিলের নতুন খসড়া অনুমোদন করেছে। রাজ্যসভার বাছাই কমিটি ওই বিল অনুমোদনের সুপারিশ করে। বিলটি পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় আসন্ন বাজেট অধিবেশনে পাস হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে, ভারতে লোকপাল বিলের নতুন খসড়া প্রত্যাখ্যান করেছেন প্রবীণ সমাজকর্মী ও দুর্নীতিবিরোধী আন্দোলনের নেতা আন্না হাজারে।ক্ষমতাসীন সংযুক্ত প্রগতিশীল মোর্চার (ইউপিএ) প্রধান শরিক দল কংগ্রেসের প্রধান সোনিয়া গান্ধী লোকপাল আইন করার ব্যাপারে দুর্নীতিবিরোধী আন্দোলনের নেতা আন্নাকে আশ্বাস দিয়েছিলেন। বিলটি লোকসভায় ইতিমধ্যে পাস হয়েছে। তবে এটিকে সাংবিধানিক মর্যাদা দেওয়ার ক্ষমতা পার্লামেন্টের নিম্নকক্ষের নেই। বিহার রাজ্যের রাজধানী পাটনায় গতকাল আন্না হাজারে সাংবাদিকদের বলেন, তিনি জনলোকপাল বিলের দাবি বাস্তবায়নে সরকারকে বাধ্য করতে আন্দোলন চালিয়ে যাবেন। প্রস্তাবিত লোকপাল বিলের খসড়া অনর্থক। এটি দুর্নীতিবিরোধী লড়াই বা জনস্বার্থ রক্ষায় কোনো কাজে আসবে না।আন্না হাজারে জানান, তিনি গণসচেতনতা বৃদ্ধির জন্য আগামী কয়েক মাসে দেশের বিভিন্ন শহর ও গ্রামে যাবেন এবং জনলোকপাল বিলের দাবিতে জোরদার আন্দোলন গড়ে তুলবেন। এ ছাড়া জনগণের অধিকার আদায়ের জন্য তিনি জনতন্ত্র মঞ্চ গঠন করবেন। বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করে হাজারে বলেন, তাঁরা নিজ নিজ রাজ্যকে দুর্নীতিমুক্ত রাখতে ব্যর্থ হয়েছেন। আইএএনএস।