ভারতের মন্ত্রী গোপীনাথ মুন্ডে দুর্ঘটনায় নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গো​পীনাথ মুন্ডে
গো​পীনাথ মুন্ডে

ভারতের নতুন সরকারের গ্রামীণ উন্নয়নমন্ত্রী গোপীনাথ মুন্ডে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন৷ রাজধানী নয়াদিল্লিতে গতকাল মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে৷ খবর বিবিসি ও টাইমস অব ইন্ডিয়ার৷
কর্মকর্তারা জানান, নয়াদিল্লি থেকে উড়োজাহাজে করে নিজ রাজ্য মহারাষ্ট্রে যাওয়ার জন্য সকালে বিমানবন্দরে যাচ্ছিলেন মুন্ডে৷ পৃথ্বীরাজ-তুঘলক সড়কের সংযোগ এলাকায় তাঁর গাড়িটিকে ধাক্কা দেয় আরেকটি গাড়ি৷ এরপর মুন্ডেকে দিল্লির এইমস হাসপাতালে নেওয়া হয়৷ আটটার সময় তাঁকে মৃত ঘোষণা করা হয়৷
হাসপাতালের চিকিৎসকেরা জানান, মুন্ডের শরীরে বাহ্যিকভাবে বড় কোনো আঘাতের চিহ্ন ছিল না৷ দুর্ঘটনার পর তিনি সম্ভবত হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন৷
১৯৯৫ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত মহারাষ্ট্রের ডেপুটি মুখ্যমন্ত্রী ছিলেন মুন্ডে৷ রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে তাঁর দল জিতলে মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা ছিল তাঁর৷
মুন্ডের মৃত্যৃতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ও কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী৷