ভারতের কেন্দ্রীয় ইউপিএ সরকারের শরিক হয়েও কেন মমতা একের পর এক কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন এ নিয়ে ইতিমধ্যে ভারতের রাজনৈতিক মহলে প্রশ্ন উঠে এসেছে। কেন্দ্রীয় রেলমন্ত্রী হওয়ার মাত্র আট মাসের মধ্যে মমতার এই ’বিদ্রোহে’ বিস্মিত রাজনৈতিক নেতারাও। গত শনিবার মমতা এক সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় সরকারের মাওবাদী দমনে যৌথ বাহিনীর অভিযানের তীব্র সমালোচনা করে বলেছিলেন, কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গে মাওবাদী দমনে ব্যর্থ। এবার তাঁর দলই মাওবাদী দমনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেবে। তিনি কেন্দ্রীয় সরকারের সাহায্য আর চান না। একই সঙ্গে তিনি এও অভিযোগ করেন, মাওবাদী দমনের নামে কেন্দ্রীয় সরকার বরং সিপিএমকে ’অক্সিজেন’ দিয়ে মদদ দিচ্ছে। এর পরই গত রোববার তিনি ফের সমালোচনা করেন কেন্দ্রীয় সরকারের। এবারের ইস্যু দ্রব্যমূল্য। নয়াদিল্লি যাওয়ার আগে তিনি সাংবাদিকদের বলেন, ’দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য কেন্দ্রীয় সরকার তার দায়িত্ব অস্বীকার করতে পারে না।’ মমতা বলেন, প্রধানমন্ত্রীর উচিত, এখনই সর্বদলীয় বৈঠক ডাকা এবং একই সঙ্গে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়েও বৈঠক করা। এদিকে মমতার এই ‘বিদ্রোহ’ নিয়ে নানা প্রশ্ন চলে এসেছে রাজনৈতিক মহলে। দিল্লির সূত্র মতে, মমতার রেল বাজেট এবং রেলের অর্থ বরাদ্দ নিয়েই নাকি ঠান্ডা সংঘাত শুরু হয়েছে কেন্দ্রীয় সরকারের সঙ্গে।