ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ ফল রোববার
ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে গতকাল বৃহস্পতিবার ভোট গ্রহণ করা হয়েছে। আগামী রোববার নির্বাচনের ফল ঘোষণা করা হবে। নির্বাচনে দেশটির ক্ষমতাসীন জোট সংযুক্ত প্রগতিশীল মোর্চার (ইউপিএ) প্রার্থী ও কংগ্রেসের নেতা প্রণব মুখার্জি এবং বিরোধী জোট জাতীয় গণতান্ত্রিক মোর্চার (এনডিএ) প্রার্থী পি এ সাংমা প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রণব ক্ষমতাসীন জোটের প্রার্থী হওয়ায় ও জোটের বাইরেরও কিছু দল তাঁর প্রতি সমর্থন দেওয়ায় প্রণবের নির্বাচিত হওয়ার সম্ভাবনাই বেশি বলে মনে করছেন বিশ্লেষকেরা। নির্বাচিত হলে প্রণবই হবেন ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি।ভারতের দুই কক্ষবিশিষ্ট পার্লামেন্ট রাজ্যসভা ও লোকসভার সদস্য এবং রাজ্যভিত্তিক বিধানসভার সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন। গতকাল স্থানীয় সময় সকাল ১০টায় নয়াদিল্লিতে পার্লামেন্ট ভবন ও বিভিন্ন রাজ্যের রাজধানীতে অবস্থিত বিধানসভায় একযোগে ভোট গ্রহণ শুরু হয়। শেষ হয় বিকেল পাঁচটায়।কেন্দ্রীয় সংসদবিষয়ক মন্ত্রী রাজীব শুক্লা বলেন, ৭৯০ জনের মধ্যে ৬০০ জনই ভোট শুরুর আড়াই ঘণ্টার মধ্যে ভোট দেন।প্রণব কংগ্রেস-প্রধান ও ইউপিএ জোটের চেয়ারপারসন সোনিয়া গান্ধী ও প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে ভোটাধিকার প্রয়োগ করেন। এ সময় সোনিয়া-তনয় রাহুল গান্ধীও উপস্থিত ছিলেন। রাহুলকে দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী বলে মনে করা হচ্ছে। ভোট দেওয়ার পর রাহুল বলেন, তিনি ‘সরকারে আরও প্রত্যক্ষ ভূমিকা’ পালন করবেন। তবে তা কী ধরনের ভূমিকা সেটি স্পষ্ট করেননি। ভারতের রাষ্ট্রপতি পদ মূলত আলংকরিক, তেমন কোনো ক্ষমতা নেই। তবে কোনো সাংবিধানিক সংকট সৃষ্টি হলে রাষ্ট্রপতির ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ২০১৪ সালে দেশটিতে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। জোটের রাজনীতির দেশ ভারতে কোনো জোটের প্রতি কোনো দলের সমর্থন স্থায়ী নয়। তাই রাষ্ট্রপতি নির্বাচিত হলে আগামী নির্বাচনের পর সরকার গঠনে প্রণব গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। রয়টার্স, বিবিসি।