ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণা আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল আজ রোববার ঘোষণা করা হবে। দেশটির সব কটি রাজ্যের সাংসদ ও এমএলএদের দেওয়া ভোট রাজধানী নয়াদিল্লিতে আজ সকালে গণনা শুরু হবে। গণনা শেষে সন্ধ্যার মধ্যেই ফল প্রকাশ করা যাবে বলে আশা করছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে দেশটির ক্ষমতাসীন জোট সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) প্রার্থী কংগ্রেস নেতা প্রণব মুখার্জি এবং বিরোধী জোট জাতীয় গণতান্ত্রিক মোর্চা (এনডিএ) প্রার্থী পি এ সাংমা প্রতিদ্বন্দ্বিতা করছেন। আশা করা হচ্ছে, দেশটির ১৪তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন প্রণব মুখার্জি।কংগ্রেস নেতা প্রণব মুখার্জির প্রতি তৃণমূল কংগ্রেস (টিএমসি) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনের কথা ঘোষণার পর তাঁর বিজয়ের বিষয়টি অনেকটাই নিশ্চিত হয়। নির্বাচনে মোট ১০ লাখ ৯৮ হাজার ৮৮২ ভোট রয়েছে। নির্বাচিত হতে একজন প্রার্থীকে এর অর্ধেক ভোট পেতে হবে। ধারণা করা হচ্ছে, প্রণব মুখার্জি অর্ধেকের বেশি অর্থাৎ পাঁচ লাখ ৬০ হাজার ভোট পেয়ে নির্বাচিত হবেন। ২৬ জুলাই নতুন রাষ্ট্রপতি শপথ নেবেন। পিটিআই।