ভারতের রেলমন্ত্রী হচ্ছেন তৃণমূল নেতা মুকুল রায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের নতুন রেলমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন তৃণমূল কংগ্রেস নেতা মুকুল রায়। আজ মঙ্গলবার সকালে তাঁর শপথ নেওয়ার কথা। রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদির পদত্যাগের পর তিনি তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন। তৃণমূল নেতা মুকুল রায় আজ সকাল ১০টায় কেন্দ্রীয় রেলমন্ত্রী হিসেবে শপথ নেবেন বলে জানা গেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসপ্রধান মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল সোমবার পার্লামেন্ট হাউস কমপ্লেক্সে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে দেখা করার পর বিষয়টি নিশ্চিত হয়েছে। শপথ অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিত থাকার কথা। গতকাল পার্লামেন্টে দেওয়া ভাষণে মনমোহন সিং বলেন, তিনি দীনেশ ত্রিবেদির পদত্যাগপত্র গ্রহণ করে তা রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিয়েছেন। এ সময় তিনি বলেন, ‘তিনি বিদায় নেওয়ায় দুঃখিত।’এ বছরের রেল বাজেটে যাত্রী ভাড়া বাড়িয়ে মমতার রোষানলে পড়েন তাঁর দলেরই রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদি। গত বুধবার দুপুরে রেল-বাজেট ঘোষণার পর ক্ষুব্ধ হয়ে মমতা প্রধানমন্ত্রীকে চিঠি লিখে জানিয়ে দেন, দীনেশ ত্রিবেদিকে অবিলম্বে রেলমন্ত্রীর পদ থেকে সরিয়ে মুকুল রায়কে এ পদে বসাতে হবে। কিন্তু প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে তাঁর দাবিতে সাড়া দেননি। তখন দীনেশ ত্রিবেদিও পদত্যাগ করেননি। পরে দলের চাপে রোববার রাতে প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দেন দীনেশ ত্রিবেদি। এ ঘটনায় রাজনৈতিক মহল মনে করছে, প্রধানমন্ত্রী মনমোহন সিং আবার মমতার চাপের কাছে মাথা নত করলেন।