ভারতের রেলমন্ত্রী পবন কুমার বানসালকে দায়িত্বে বহাল রাখা হবে কি না, তা এখনো পরিষ্কার নয়। রেলওয়ে বোর্ডে একটি নিয়োগের ব্যাপারে ৯০ লাখ রুপি ঘুষ নেওয়ার অভিযোগে তাঁর ভাগনে বিজয় সিংলাকে গ্রেপ্তারের পর বানসালের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও সংশয় দেখা দিয়েছে।রেলমন্ত্রী বানসাল ওই কেলেঙ্কারিতে কী ভূমিকা রেখেছিলেন, তা খতিয়ে দেখছে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিবিআই)। চণ্ডীগড়ের আবাসন, সিমেন্ট, অবকাঠামো ও ইস্পাত প্রভৃতি খাতের একজন ব্যবসায়ী হিসেবে ৪২ বছর বয়সী বিজয় সিংলার উত্থানের সঙ্গে তাঁর মামার রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই বলেই দাবি করা হচ্ছে। সিংলা ভারতের ইউনিয়ন টেরিটরি থেকে নিয়ন্ত্রিত আটটি প্রতিষ্ঠানের পরিচালকের দায়িত্ব পালন করেন। সিংলা ও বানসাল নিজ নিজ ক্ষেত্রে গত ১৫ বছরে প্রতিষ্ঠা লাভ করেন। তবে বিষয়টি কাকতালীয় কি না, নিশ্চিত হওয়ার জন্য তদন্ত করে দেখছে সিবিআই। কংগ্রেস দলের গুরুত্বপূর্ণ বৈঠকে গতকাল বানসালের প্রসঙ্গটি নিয়ে আলোচনা হয়েছে। বানসাল রেলমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেও কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব এ ব্যাপারে সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত তাঁকে অপেক্ষা করতে বলা হয়েছে। পিটিআই।