ভারতের সঙ্গে সামরিক সম্পর্ক অটুট থাকবে: চীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিসা নিয়ে বিরোধের জের ধরে চীনের সঙ্গে ভারতের প্রতিরক্ষা বিনিময় কার্যক্রম বাতিলের খবর প্রত্যাখ্যান করে চীন বলেছে, দেশটির সঙ্গে তার সামরিক সম্পর্ক অটুট থাকবে। গত শুক্রবার গণমাধ্যমে এ-সংক্রান্ত খবর প্রকাশের পর চীন গতকাল শনিবার তার প্রতিক্রিয়া জানাল। এর আগে শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জেনারেল যশওয়ালের চীন সফর বাতিলের বিষয়টি স্বীকার করে তাঁকে ভিসা না দেওয়ার তীব্র প্রতিবাদ জানায়। প্রকাশিত খবরে চীনের এ আচরণকে ভারত উসকানিমূলক ও কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত বলে মনে করে। তবে গতকাল ভারতের প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্থনী বলেন, চীনের সঙ্গে সম্পর্ক অব্যাহত থাকবে। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও একই আশ্বাস দিয়েছে। রয়টার্সের কাছে ফ্যাক্সযোগে পাঠানো এক বার্তায় চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চীন ভারতের সঙ্গে সামরিক সম্পর্ক বাতিল করেনি। এ ছাড়া দেশটি ভারতের কাছ থেকেও এমন কোনো সন্দেহের কথা শোনেনি। বর্তমানে ভারতের সবচেয়ে বড় ব্যবসায়িক অংশীদার চীন। ভারত ও চীনের মধ্যে সামরিক বিনিময় কার্যক্রম মূলত উভয় দেশের সামরিক বাহিনীর প্রধান ও প্রতিরক্ষা কর্মকর্তাদের যাতায়াত এবং ছোট আকারে যৌথ মহড়ার মধ্যে সীমাবদ্ধ। রয়টার্স।