চীনের নতুন প্রেসিডেন্ট শি জিনপিং ভারতের সঙ্গে তাঁর দেশের সামরিক সম্পর্ক ও আস্থা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছেন। গত বুধবার দক্ষিণ আফ্রিকার ডারবানে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে এক বৈঠকে তিনি এই আগ্রহ প্রকাশ করেন। দুই নেতার মধ্যকার বহুল প্রত্যাশিত এ বৈঠককে স্বাগত জানিয়েছে বেইজিং।গত বছরের নভেম্বরে চীনের ক্ষমতাসীন দল কমিউনিস্ট পার্টি ও সে দেশের সেনাবাহিনীর প্রধানের দায়িত্ব গ্রহণের পর এই প্রথম প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে বৈঠক করলেন শি জিনপিং। সদ্যসমাপ্ত ব্রিকস শীর্ষ সম্মেলনের বাইরে এই বৈঠকে জিনপিং বলেন, দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে আরও যোগাযোগ বাড়ানো প্রয়োজন।চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া বলেছে, দুই দেশের সীমান্ত বিরোধ নিয়ে ‘যত শিগগির সম্ভব’ পারস্পরিক গ্রহণযোগ্য একটি সমাধানে পৌঁছাতেও এ সময় আহ্বান জানান জিনপিং। ভারতের সঙ্গে চীনের সম্পর্ক কীভাবে এগিয়ে নেওয়া যায়, সে সম্পর্কিত পরিকল্পনার ওপর চীনের নতুন নেতার বুধবারের ওই বক্তব্যে এই প্রথম বিস্তারিত রূপরেখা ফুটে উঠেছে। এ মাসের ১৭ তারিখে জিনপিং চীনের প্রেসিডেন্টের দায়িত্ব নেন। এর আগে গত জানুয়ারিতে মনমোহন সিংয়ের কাছে লেখা এক চিঠিতে এবং এ মাসের শুরুতে ব্রিকসভুক্ত দেশের একদল সাংবাদিককে দেওয়া বক্তব্যে তিনি ভারতের সঙ্গে তাঁর পূর্ববর্তী সরকারের মধ্যকার সম্পর্ক ধরে রাখার ওপরই কেবল গুরুত্ব দেন। একই সঙ্গে গত বছর তাঁর পূর্বসূরি হু জিনতাওয়ের দেওয়া ‘পাঁচ দফা’ প্রস্তাব সামনে এগিয়ে নিয়ে যাওয়ার ওপরও জোর দেন তিনি।বিশ্লেষকেরা বলেন, সম্প্রতি দুই দেশের প্রতিরক্ষা সম্পর্কের টানাপোড়েন নিয়ে যে উদ্বেগ সৃষ্টি হয়েছে, সেই বিষয়টি উভয় দেশের মধ্যে বিশেষত ‘সামরিক ও নিরাপত্তা আস্থা’ বাড়ানোর ওপর জিনপিংয়ের ওই বক্তব্যে স্পষ্ট হয়েছে। কাশ্মীর নিয়ে স্পর্শকাতরতার অজুহাতে ভারতের উত্তরাঞ্চলীয় সেনা কমান্ডের তৎকালীন প্রধানকে আমন্ত্রণ জানাতে চীনের অস্বীকৃতির পর ২০১০ সালে দেশ দুটির প্রতিরক্ষা সম্পর্ক সাময়িকভাবে স্থগিত হয়ে যায়।ভারতের কর্মকর্তারা বলেন, সম্প্রতি চীন ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অধিকতর আগ্রহী হয়ে উঠেছে বলে মনে হচ্ছে। জম্মু ও কাশ্মীরের ভারতীয় সেনা কর্মকর্তাদের চীনে আমন্ত্রণ জানিয়ে এবং বহু বছরের মধ্যে প্রথমবারের মতো তিব্বতে একটি প্রতিনিধিদলকে পরিদর্শনে নিয়ে যাওয়ার মাধ্যমেও ওই আগ্রহের আভাস মেলে।বিশ্লেষকেরা বলেন, দক্ষিণ চীন সাগর নিয়ে বেইজিংয়ের উৎকণ্ঠা এবং পূর্ব চীন সাগরের বিতর্কিত ভূখণ্ড নিয়ে জাপানের সঙ্গে তার ক্রমবর্ধমান বিরোধের সঙ্গে ভারত বিষয়ে চীনের মনোভাবের এই পরিবর্তনের সামঞ্জস্য রয়েছে।সিনহুয়া বলেছে, বৈঠকে জিনপিংয়ের আগ্রহের জবাবে মনমোহন সিং আশা প্রকাশ করে বলেন, ভারত ও চীন একে অপরের গুরুত্বপূর্ণ স্বার্থ ও প্রধান উদ্বেগের বিষয়গুলোতে সম্মান দেখাবে, পারস্পরিক কৌশলগত আস্থা বাড়াবে, আন্তর্জাতিক বিষয়ে সমন্বয় ও সহযোগিতা জোরদার করবে এবং এতদঞ্চলসহ গোটা বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে কাজ করবে। দ্য হিন্দু।