ভারতের গুজরাটে নারোদা পাতিয়া দাঙ্গা মামলায় ভারতীয় জনতা দলের (বিজেপি) সাবেক মন্ত্রী মায়া কোদনানিসহ ৩১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার বিশেষ আদালত এই আদেশ দেন। গুজরাটে গোধরা দাঙ্গা-পরবর্তী আহমেদাবাদ শহরের নারোদা পাতিয়া এলাকায় অন্তত ৯৭ জন মুসলমানকে হত্যা করা হয়। এই গণহত্যায় ভূমিকা রাখার অপরাধে সাবেক মন্ত্রী মায়াকে ২৮ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।প্রধান বিচারক জ্যোৎস্না অগ্নিক বলেন, সাবেক মন্ত্রী মায়া ছিলেন ওই সাম্প্রদায়িক দাঙ্গার মূল হোতা। এই অপরাধে তাঁকে ১০ বছর এবং হত্যাসহ অন্যান্য অপরাধে ১৮ বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হলো। নারোদা পাতিয়া হত্যা মামলায় গত বুধবার মায়া ও কট্টর হিন্দু গোষ্ঠী বজরং দলের সাবেক নেতা বাবু বজরংসহ ৩২ জনকে দোষী সাব্যস্ত করেন আদালত। গতকাল আদালত বাবু বজরংকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন। এ ছাড়া অন্য সাতজনকে দেওয়া হয় ৩১ বছর করে এবং ২২ জনকে ১৪ বছর করে কারাদণ্ড। দোষী সাব্যস্ত আসামিদের মধ্যে একজন পলাতক রয়েছেন। সরকারি কৌঁসুলিরা বলেছেন, ওই আসামিকে গ্রেপ্তারের পর তাঁর সাজা দেওয়া হবে। এ মামলায় বুধবার ২৯ জনকে খালাস দেওয়া হয়।দাঙ্গার সময় মায়া কোদনানি রাজ্য সরকারের মহিলা ও শিশু উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী ছিলেন। তাঁকে ২০০৯ সালে গ্রেপ্তার করা হয়। ২০০২ সালে গুজরাটে ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় ৬০ জন হিন্দু তীর্থযাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় মুসলমানদের জড়িত থাকার অভিযোগ আনা হয়। এর জের ধরে রাজ্যজুড়ে হিন্দু-মুসলিম দাঙ্গা ছড়িয়ে পড়ে। ভারতের সরকারি হিসাব অনুযায়ী ওই দাঙ্গায় অন্তত এক হাজার ব্যক্তি নিহত হন। তবে মানবাধিকার সংগঠনগুলোর দাবি, গুজরাট দাঙ্গায় দুই হাজারেরও বেশি মানুষ নিহত হন। নিহত ব্যক্তিদের অধিকাংশই ছিলেন মুসলিম। দাঙ্গার সময় ধারণ করা একটি অডিও রেকর্ডে বাবু বজরং বলেন, ‘নারোদা ও নারোদা পাতিয়া এলাকায় আমরা মুসলিমদের একটি দোকানও আস্ত রাখিনি। সব কটিকে আগুনে পুড়িয়েছি। ওই আগুনে মুসলিমদের পুড়িয়ে মেরেছি।’২০০৮ সালে ভারতের সুপ্রিম কোর্ট নারোদা পাতিয়াসহ স্পর্শকাতর নয়টি এলাকায় গণহত্যার পুনঃ তদন্তের আদেশ দেন। এএফপি।