ভারতের সাবেক সেনাপ্রধানকে আদালতে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানহানির মামলায় গতকাল শুক্রবার ভারতের সাবেক সেনাপ্রধান ভি কে সিংকে আদালতে তলব করা হয়েছে। আগামী ২০ জুলাই ভি কে সিংসহ সেনাবাহিনীতে কর্মরত জ্যেষ্ঠ আরও চার কর্মকর্তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ওই চার কর্মকর্তা হলেন উপ-সেনাপ্রধান লে. জেনারেল এস কে সিং, সামরিক গোয়েন্দা শাখার মহাপরিচালক লে. জেনারেল বি এস ঠাকুর, জনসংযোগ শাখার অতিরিক্ত পরিচালক মেজর জেনারেল এস এল নরসিমান এবং জনসংযোগ শাখার স্টাফ অফিসার লে. কর্নেল হিটেন সাওনে। সেনাবাহিনী থেকে অবসরে যাওয়া জ্যেষ্ঠ কর্মকর্তা লে. জেনারেল তেজিন্দার সিংয়ের দায়ের করা মামলায় তাঁদের ওই আদালতে তলব করা হয়। দায়িত্ব পালনের সময় ওই পাঁচ কর্মকর্তা পদ ও ক্ষমতা অপব্যবহার করে তেজিন্দার সিংকে ফাঁসিয়েছেন বলে তিনি অভিযোগ করেন। তাঁর বিরুদ্ধে ঘুষ প্রস্তাব দেওয়ার অভিযোগ এনে গত ৫ মার্চ সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে সেনাবাহিনী। কর্মরত জ্যেষ্ঠ চারজন সেনা কর্মকর্তা ও সদ্য বিদায়ী সেনাপ্রধানসহ মোট পাঁচজন সেনা কর্মকর্তাকে একসঙ্গে আদালতে তলবের ঘটনা ভারতে এটিই প্রথম। টাইমস অব ইন্ডিয়া।