ভারতের সীমিত আলোচনার প্রস্তাবে হতাশ পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সঙ্গে সন্ত্রাসবাদ বিষয়ে ভারতের সীমিত আলোচনার প্রস্তাবে ইসলামাবাদ হতাশা ব্যক্ত করেছে। পাকিস্তানের সরকারি কর্মকর্তা ও বিশ্লেষকেরা মনে করছেন, কেবল পূর্ণাঙ্গ শান্তি আলোচনাই ওই অঞ্চলের স্থিতিশীলতা জোরদার করতে পারে। দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের মধ্যে আলোচনার উদ্যোগ নেওয়ায় নয়াদিল্লির প্রস্তাবকে গত সপ্তাহে স্বাগত জানানো হয়েছিল। ২০০৮ সালে মুম্বাই হামলার পর এ প্রস্তাব দুই দেশের মধ্যেকার শীতল সম্পর্ক থেকে উঠে আসার ক্ষেত্রে বড় ধরনের উন্নতির ইঙ্গিত বহন করে। কিন্তু ভারত ও পাকিস্তান বিগত ১৫ মাসে তাদের মধ্যে সরাসরি আলোচনার কোনো তারিখ স্থির করতে পারেনি। এ সংলাপের রূপরেখা নিয়ে দুই দেশের মধ্যে এখনো দরকষাকষি চলছে। পরমাণু ক্ষমতাধর এ দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যেকার উত্তেজনা তাদের সীমান্ত ও আফগানিস্তানে অস্থিতিশীলতা বাড়িয়ে চলেছে। ইসলামাবাদে এ সপ্তাহে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেমস জোনস ও পাকিস্তানের সরকারি কর্মকর্তাদের মধ্যে আলোচনায় আঞ্চলিক নিরাপত্তার বিষয়টি তুলে ধরা হবে বলে ধারণা করা হচ্ছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশির সভাপতিত্বে পাকিস্তানের সরকারি কর্মকর্তাদের এক বৈঠকে দক্ষিণ এশিয়ার শান্তি, উন্নয়ন ও স্থিতিশীলতার স্বার্থে ভারতের সঙ্গে অর্থবহ, ফলদায়ক ও সমন্বিত সংলাপপ্রক্রিয়া শুরু করতে পাকিস্তানের অঙ্গীকারের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাকিস্তানের এক সরকারি কর্মকর্তা এএফপিকে বলেন, ভারতের সীমিত আলোচনার প্রস্তাবে ইসলামাবাদ হতাশ হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে তিনি এএফপিকে বলেন, ‘ভারত বলেছে, সন্ত্রাসবাদ তাদের প্রধান উদ্বেগের বিষয় হওয়ায় আলোচনা এ বিষয়টিতে কেন্দ্রীভূত হতে হবে।’ প্রসঙ্গত, ভারত ও পাকিস্তান ২০০৪ সালে প্রধান আটটি বিষয় নিয়ে শান্তি আলোচনা শুরু করে। ভারত ও পাকিস্তানের মধ্যে এ আলোচনা দুই দেশের মধ্যে উত্তেজনা হ্রাসে অনেক তাত্পর্যপূর্ণ অবদান রাখে। এএফপি।