ভারতের সেনাবাহিনীকে কট্টর পঞ্চায়েতের সঙ্গে তুলনা!
ভারতের কর্ণাটকের একটি হাইকোর্ট বেঞ্চ দেশের সেনাবাহিনীকে ‘খাপ পঞ্চায়েতের’ সঙ্গে তুলনা করেছেন। গত মঙ্গলবার একজন তরুণ সেনা কর্মকর্তার বিয়ে-সংক্রান্ত মামলার আপিলের শুনানি চলাকালে আদালত এই মন্তব্য করেন।‘খাপ’ হচ্ছে ভারতের হরিয়ানা, রাজস্থান ও উত্তর প্রদেশে প্রাচীনকাল থেকে প্রচলিত কট্টরপন্থি সামাজিক শাসনব্যবস্থা। বেঙ্গালুরুতে বসবাসরত শ্রীলঙ্কার এক শিক্ষার্থীর (২৯) সঙ্গে প্রেম হয় ভারতীয় সেনা কর্মকর্তা মেজর বিকাশ কুমারের। তাঁরা বিয়ে করতে চাইলে বাদ সাধে সেনা কর্তৃপক্ষ। এমনকি বিদেশিনীর সঙ্গে ওই সেনা কর্মকর্তার প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ার কারণ খতিয়ে দেখারও নির্দেশ দেওয়া হয়। ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত অবস্থায় বিদেশিদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে।বিকাশ বিয়ে করার ইচ্ছা প্রকাশ করে চাকরি ছাড়ার আবেদন করেন। এই আবেদন নাকচ হলে মেজর বিকাশ আদালতের শরণাপন্ন হন।গত জুনে একজন বিচারপতির বেঞ্চ কুমারের পক্ষে রায় দেন। কেন্দ্রীয় সরকার রায় চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে আপিল করে। কিন্তু প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ আগের আদেশ বহাল রাখেন। এ সময় বিচারপতি সেন বলেন, ‘এটি কোনো খাপ পঞ্চায়েত নয়, এটি সেনাবাহিনী। সেনাবাহিনীর অবস্থান আমাদের কাছে পরিষ্কার নয়। বিষয়টি ওই সেনা কর্মকর্তার জন্য খুবই দুঃখজনক।’ টাইমস অব ইন্ডিয়া।