ভারতের হাইকমিশনারকে তলব করেছে পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাশ্মীর সীমান্তে নিয়ন্ত্রণরেখায় (এলওসি) ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনায় এবার পাকিস্তানে নিযুক্ত ভারতের হাইকমিশনারকে তলব করেছে ইসলামাবাদ। ভারতীয় সেনাবাহিনীর হাতে গত বৃহস্পতিবার পাকিস্তানের আরেকজন সেনাসদস্যকে হত্যার প্রতিবাদে গতকাল শুক্রবার ভারতের হাইকমিশনারকে তলব করা হয়।পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোয়াজ্জেম আহমেদ খান জানান, নিয়ন্ত্রণরেখায় গুলি চালানোর প্রতিবাদ জানাতে ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র দপ্তরে তলব করা হয়েছে। গত বৃহস্পতিবার ভারতীয় সেনাবাহিনী বিনা উসকানিতে গুলি চালিয়ে পাকিস্তানের ওই সেনাকে হত্যা করে।এ নিয়ে গত পাঁচ দিনে সীমান্ত এলাকায় উভয় দেশের পক্ষ থেকে তিনটি হামলার ঘটনায় চারটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটল। সর্বপ্রথম গত রোববার ভারতীয় সেনাবাহিনী নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে পাকিস্তানের এক সেনাকে হত্যা করে। এরপর মঙ্গলবার পাকিস্তানের গুলিতে দুই ভারতীয় সেনা নিহত হয়। সীমান্তে গুলির ঘটনায় পাকিস্তানকে দায়ী করে গত বুধবার ভারতে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনারকে তলব করে নয়াদিল্লি। তারা একে ‘চরম উসকানিমূলক’ বলেও আখ্যা দেয়।ভারতের স্বার্থরক্ষায় সবকিছু করা হবে:ভারতের প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি বলেছেন, দেশ ও সেনাবাহিনীর স্বার্থরক্ষায় সম্ভাব্য সবকিছু করা হবে। জম্মু ও কাশ্মীরে যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনাকে ‘খুবই উদ্বেগজনক’ মন্তব্য করে তিনি বলেন, পাকিস্তানের সঙ্গে সীমান্ত এলাকা গভীরভাবে পর্যবেক্ষণ করছে নয়াদিল্লি।গতকাল নয়াদিল্লিতে সাংবাদিকদের এ কথা বলেন অ্যান্টনি। তিনি বলেন, ‘ভারত এবং ভারতীয় সেনাবাহিনীর স্বার্থ ও তাদের মর্যাদা রক্ষায় আমরা সবকিছু করব।’ সীমান্তে নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে পাকিস্তানের সেনাবাহিনী ভারতের দুই সেনাসদস্যকে হত্যার তিন দিনের মাথায় এই হুঁশিয়ারি উচ্চারণ করলেন অ্যান্টনি। তিনি বলেন, ‘আমরা সীমান্ত এলাকা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। এ ব্যাপারে আমাদের জনগণ সতর্ক রয়েছে।’সীমান্তে ফের গোলাগুলি: ভারত গতকাল শুক্রবার জানিয়েছে, ভারত-পাকিস্তান নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানি সেনারা গতকাল শুক্রবার বিকেলে আবার গুলি চালিয়েছে। এর জবাবে ভারতীয় সেনারাও গুলি চালায়।ভারতীয় সেনাবাহিনীর এক সূত্র জানায়, কাশ্মীরের জম্মু থেকে প্রায় আড়াই শ কিলোমিটার দূরে কৃষ্ণঘাতি সেক্টরে নিয়ন্ত্রণ রেখার কাছে গুলি চালায় পাকিস্তানি সেনারা। এর জবাবে তারাও গুলি চালায়। উভয় পক্ষে প্রায় আধা ঘণ্টা গোলাগুলি হয়। তবে এতে ভারতীয় পক্ষের কেউ হতাহত হয়নি। টাইমস অব ইন্ডিয়া ও ডন।