ভারতের ১১ সাংসদের ঘুষ গ্রহণের দৃশ্য ফাঁস
ভারতের ১১ সাংসদের ঘুষ চাওয়া এবং ঘুষ গ্রহণের দৃশ্য ধারণ করে তা ফাঁস করে দিয়েছে দেশটির সংবাদভিত্তিক ওয়েব পোর্টাল কোবরা পোস্ট। গতকাল বৃহস্পতিবার গোপন ক্যামরার মাধ্যমে ধারণ করা ঘুষ গ্রহণের দৃশ্য ফাঁস করা হয়।
এ ব্যাপারে কোবরা পোস্টের প্রধান অনিরুদ্ধ বহেল বলেছেন, প্রায় এক বছর ধরে এই অভিযানটির পরিকল্পনা করে তা পরিচালনা করা হয়। অভিযানটির নাম দেওয়া হয় ‘অপারেশন ফ্যালকন ক্ল’। তিনি বলেন, ধরা পড়া সাংসদরা পাঁচটি রাজনৈতিক দলের। এই দলগুলো হলো কংগ্রেস, বিজেপি, এআইএডিএমকে, সংযুক্ত জনতা দল ও বহুজন সমাজ পার্টি।
অনিরুদ্ধ বহেল আরও জানান, এই অপারেশনের জন্য তাঁরা অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের ঠিকানা দিয়ে একটি ভুয়া বিদেশি তেল কোম্পানি ‘মেডিটেরেনিয়াম অয়েল ইঙ্ক’ নামে একটি ওয়েব সাইট খোলেন। পরে কোবরা পোস্টের এক সাংবাদিক ওই তেল সংস্থার কনসালট্যান্ট সাজেন। তিনি ভারতের উত্তর-পূর্বাঞ্চলে এক হাজার কোটি রুপির বিনিয়োগের মাধ্যমে তেলের ব্যবসা করতে সুপারিশপত্রের জন্য পৃথকভাবে দ্বারস্থ হন ওই সাংসদদের কাছে। তখনই ছয় সাংসদ ৫০ থেকে ৭৫ হাজার রুপির বিনিময়ে লিখে দেন সুপারিশপত্র।
কিন্তু পাঁচ সাংসদ এই সুপারিশপত্রের জন্য দাবি করেন পাঁচ লাখ থেকে ৫০ লাখ রুপি। কিন্তু কোনো সাংসদ এই ভুয়া সংস্থার ব্যাপারে কোনো তদন্ত বা তাঁদের সম্পর্কে কোনো খোঁজখবর না নিয়ে লিখে দেন সুপারিশপত্র। আবার কয়েকজন সাংসদ এ কথাও বলেছেন, প্রয়োজনে তাঁরা সংশ্লিষ্ট পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে ব্যবসা শুরু করার জন্য সার্বিক সহযোগিতা করবেন। এই ১১ সাংসদের কথাবার্তা এবং ঘুষ গ্রহণ সবই গোপন ক্যামেরায় ধারণ করে তা ফাঁস করে দেয় কোবরা পোস্ট।