ভারতের ৪২ জন মন্ত্রী সম্পদের হিসাব জমা দেননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার ৭৭ জন মন্ত্রী-প্রতিমন্ত্রীর মধ্যে ৪২ জন এখনো প্রধানমন্ত্রীর কাছে তাঁদের সম্পদের হিসাব জমা দেননি। এ হিসাব জমা দেওয়ার শেষ তারিখ ছিল গত ৩১ আগস্ট। এ সময়ের মধ্যে মাত্র ৩৫ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী তাঁদের সম্পদের হিসাব বিধি অনুযায়ী প্রধানমন্ত্রীর কাছে জমা দিয়েছেন।
কর্মবিধি অনুযায়ী প্রতিবছর নির্দিষ্ট সময়ের মধ্যে প্রধানমন্ত্রীর কাছে মন্ত্রীদের এই হিসাব জমা দেওয়ার কথা। এ ছাড়া কোন মন্ত্রী কোন ব্যবসাপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, তা-ও জানাতে হবে ওই হিসাব দেওয়ার সময়। ভারতের প্রতিটি রাজ্যের ক্ষেত্রেও একই নিয়ম চালু আছে।
যে সব মন্ত্রী ইতিমধ্যে তাঁদের সম্পত্তির হিসাব জমা দিয়েছেন তাঁরা হলেন এ কে অ্যান্টনি, শারদ পাওয়ার, সুশীল কুমার শিন্ডে, পি চিদম্বরম, এম বীরাপ্পা মইলি, মল্লিকার্জুন খারগে, অস্কার ফার্নান্ডেজ, সালমান খুরশিদ প্রমুখ।
সম্পদের হিসাব না দেওয়ার মন্ত্রীদের মধ্যে আছেন কপিল সিকবাল, গুলাম নবী আজাদ, অজিত সিং, শ্রীপ্রকাশ জয়সওয়াল, এম এম পাল্লাম রাজু, হরিশ রাওয়াত, প্রতিমন্ত্রী শশী থারুর, আর পি এন সিং, ডি পুরন্দেশ্বরী, প্রদীপ জৈন, অধীর চৌধুরী প্রমুখ।