প্রধানমন্ত্রী মনমোহন সিংকে লেখা সেনাপ্রধান ভি কে সিংয়ের ‘গোপন চিঠি’ ফাঁস হওয়ার পেছনে সরকারের জ্যেষ্ঠ একজন নারী কর্মকর্তা জড়িত বলে যে খবর প্রকাশিত হয়েছে, তা সত্য নয় বলে দাবি করেছে ভারত সরকার।গত রোববার সরকার এ ব্যাপারে একটি বিবৃতি দিয়েছে। এতে বলা হয়, বার্তা সংস্থার পরিবেশিত প্রতিবেদনটির কোনো সত্যতা নেই। এটি সম্পূর্ণ ভিত্তিহীন একটি প্রতিবেদন।ভারতের মন্ত্রিপরিষদ সচিব অজিত শেঠ বলেন, বার্তা সংস্থার পরিবেশিত খবরটি ‘অসত্য’।চলতি বছরের ১২ মার্চ ভারতের সেনাবাহিনীর প্রধান ভি কে সিং সেনাবাহিনীর দুদর্শার চিত্র এবং বাহিনীকে শক্তিশালী করার জন্য কিছু সুপারিশ করে প্রধানমন্ত্রী মনমোহন সিংকে চিঠি লেখেন। অতি গোপনীয় এই চিঠি ফাঁস হয়ে গেলে দেশজুড়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়। ঘটনার পর চিঠি ফাঁস হওয়ার বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে ভারতের গোয়েন্দা সংস্থা। সম্প্রতি একটি বার্তা সংস্থা খবর দিয়েছে, চিঠি ফাঁসের ঘটনায় মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব পদমর্যাদার একজন নারী কর্মকর্তা জড়িত। তিনি ওই সময় বিভিন্ন গোয়েন্দা সংস্থার বিষয়গুলো দেখভালের দায়িত্বে ছিলেন।বার্তা সংস্থাটি উল্লেখ করেছে, চিঠি ফাঁসের ঘটনায় দোষী সাব্যস্ত হওয়ায় ওই নারীকে তাঁর সাবেক কর্মস্থলে ফেরত পাঠানো হয়েছে। টিএনএন।