ভারত-পাকিস্তান আলোচনা অব্যাহত রাখার আহ্বান
জাতিসংঘের মহাসচিব বান কি মুন বিবদমান দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তানকে আলোচনা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। নিউইয়র্কে মহাসচিবের দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ গত রোববার মুনের সঙ্গে দেখা করতে গেলে তিনি এ আহ্বান জানান। খবর দ্য হিন্দুর।
জাতিসংঘ মহাসচিবের দপ্তরের বিবৃতিতে বলা হয়, আলোচনাকালে বান কি মুন দুই দেশের মধ্যে শান্তি আলোচনার গুরুত্ব তুলে ধরেন। সন্ত্রাস ও চরমপন্থার বিরুদ্ধে লড়াইয়ের বিষয়েও আলোচনা করেন তাঁরা।
জাতিসংঘের মহাসচিব পার্শ্ববর্তী দেশ আফগানিস্তানের স্থিতিশীলতা বজায় রাখতে পাকিস্তানকে সহযোগিতার আহ্বান জানান। এদিকে পাকিস্তানের এক সরকারি কর্মকর্তাকে উদ্ধৃত করে সে দেশের ডন পত্রিকার প্রতিবেদনে বলা হয়, আলোচনার সময় বান কি মুনের কাছে কাশ্মীর প্রসঙ্গটি তোলেন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। তিনি ভারত ও পাকিস্তানে জাতিসংঘের সামরিক পর্যবেক্ষক গ্রুপকে (ইউএনএমওজিপি) আরও শক্তিশালী করার প্রস্তাব দেন।
নওয়াজ-মুনের বৈঠকে কাশ্মীর প্রসঙ্গ উত্থাপনের কথা পাকিস্তানের পক্ষ থেকে বলা হলেও জাতিসংঘের বিবৃতিতে এর কোনো উল্লেখ নেই। ভারত কাশ্মীর সমস্যার দ্বিপক্ষীয় সমাধান চায়। এ ক্ষেত্রে বরাবরই কোনো ধরনের আন্তর্জাতিক হস্তক্ষেপের বিরুদ্ধে দেশটি।