ভারত-পাকিস্তান উপদেষ্টা পর্যায়ের বৈঠক ২৩ আগস্ট
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের বৈঠকের তারিখ ২৩ আগস্ট নির্ধারণ করে পাকিস্তানকে প্রস্তাব দিয়েছে ভারত। পাকিস্তানের সরকারি পর্যায় থেকে ওই বৈঠকের প্রস্তাব পাওয়ার কথা নিশ্চিত করা হয়েছে। খবর ডনের।
বৈঠকে পাকিস্তানের পক্ষে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজের উপস্থিত থাকার কথা। তবে তাঁর উপস্থিতির কথা নিশ্চিত করে এখনো পাকিস্তানের পক্ষ থেকে কিছু জানানো হয়নি ভারতকে।
নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের বৈঠকের মূল আলোচ্য বিষয় হবে সন্ত্রাসবাদ। সম্প্রতি রাশিয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মধ্যে বৈঠকে আলোচনা প্রক্রিয়া আবার শুরু করাসহ বেশ কিছু বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত হয়। সন্ত্রাসবাদ মূল আলোচ্য বিষয় হওয়াটা পাকিস্তানের জন্য কিছুটা অস্বস্তিকর বলে মনে করা হচ্ছে।
গত সোমবার ভারতের পাঞ্জাবে সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে এই প্রস্তাব দিল ভারত। ওই হামলাকারীরা পাকিস্তান থেকে গিয়েছিল বলে ভারত দাবি করেছে।