ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের শপথ নিলেন মাদুরো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট নিকোলা মাদুরো সে দেশের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। এর আগে দেশটির বিপ্লবী নেতা হুগো চাভেজকে অশ্রুসিক্ত চিরবিদায় জানানো হয়। শপথ গ্রহণের পর অবিলম্বে নির্বাচনের আয়োজন করতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান মাদুরো। গত শুক্রবার শপথ নিয়েই তিনি এ আহ্বান জানান। ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে নেতৃত্ব দেন ভেনেজুয়েলার জাতীয় পরিষদের স্পিকার দিওসদাদো কাবোলো। ভেনেজুয়েলার সংবিধান হাতে নিয়ে শপথ নেন মাদুরো। এ সময় তিনি বলেন, ‘কমান্ডার হুগো চাভেজের প্রতি পুরোপুরি আনুগত্য রেখে তাঁর নামে শপথ নিয়ে বলছি, আমরা এই সংবিধান মেনে চলব এবং শক্ত হাতে আমরা মুক্ত মানুষেরা এটাকে রক্ষা করব।’শপথ শেষে মাদুরো বলেন, সমাজতন্ত্রের পথ অনুসরণ করেই চলবে ভেনেজুয়েলা। এ সময় তিনি ভাইস প্রেসিডেন্ট হিসেবে চাভেজের মেয়ের জামাই জর্জ আরেয়াজার নাম ঘোষণা করেন। এরপর তিনি কারাকাসের সামরিক একাডেমিতে গিয়ে চাভেজের কফিনের সামনে আবার শপথ নেন। এদিকে ভেনেজুয়েলার বিরোধী জোট মাদুরোর এ শপথ গ্রহণকে ‘অসাংবিধানিক’ দাবি করে অনুষ্ঠান প্রত্যাখ্যান করেছে। তারা দাবি করেছে, সংবিধান অনুযায়ী একমাত্র জাতীয় পরিষদের স্পিকারই ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে পারেন। তবে অসুস্থ থাকা অবস্থায় চাভেজ উত্তরসূরি হিসেবে মাদুরোর নাম ঘোষণা করে গেছেন। এর আগে সুপ্রিম কোর্ট এক নির্দেশনায় বলেছেন, নির্বাচনী প্রচারণা চালানোর জন্য মাদুরোকে পদত্যাগ করার দরকার নেই। তবে বিরোধী দল আদালতের এই নির্দেশনাকে অসাংবিধানিক আখ্যা দিয়ে এর সমালোচনা করেছে। এএফপি।