ভারী ট্রাক ভাড়ার চেষ্টা করেছিল তিন সন্ত্রাসী
লন্ডনে গত সপ্তাহে সন্ত্রাসী হামলা চালানো তিন ব্যক্তি প্রথমে একটি ভারী ট্রাক ভাড়া করে হামলা চালাতে চেয়েছিল। এতে ব্যর্থ হয়েই অপেক্ষাকৃত ছোট ভ্যানগাড়ি ভাড়া করে তা পথচারীদের ওপর তুলে দেয়। শুক্রবার রাতে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ এক বিবৃতিতে এ কথা জানায়।
পুলিশ জানায়, পাকিস্তানি বংশোদ্ভূত হামলাকারী খুররম শেহজাদ বাট হামলার কয়েক ঘণ্টা আগে সাড়ে সাত টনের একটি ট্রাক ভাড়া করার চেষ্টা চালায়। কিন্তু নিজের ক্রেডিট কার্ড দিয়ে ভাড়া পরিশোধ করতে ব্যর্থ হয় সে। যুক্তরাজ্যের সন্ত্রাসবাদ মোকাবিলা কমান্ডের প্রধান ডিন হাইডন সাংবাদিকদের বলেন, অর্থ পরিশোধে ব্যর্থ হওয়ায় বাট ট্রাকটি পায়নি। সাড়ে সাত টন ওজনের ট্রাক নিয়ে হামলা চালালে হতাহত মানুষের সংখ্যা বেড়ে যেত।
পুলিশ আরও জানায়, ফরেনসিক কর্মকর্তারা সাদা রঙের ভ্যানগাড়িটির মধ্যে ন্যাকড়ায় প্যাঁচানো অবস্থায় দাহ্য তরল ভরা ১৩টি বোতল পেয়েছেন। এতে মনে করা হচ্ছে, হামলাকারীদের পরে আরও মানুষকে হতাহত করার ইচ্ছা ছিল। হামলায় ব্যতিক্রমধর্মী সিরামিকের তৈরি ছুরি ব্যবহৃত হয়। পুলিশের ধারণা, মেটাল ডিটেক্টরে ধরা পড়া ঠেকাতে এ ধরনের ছুরি ব্যবহার করা হয়ে থাকতে পারে।
পুলিশ গত মঙ্গলবার অন্যতম সন্ত্রাসী রেদোয়ানের বাড়িতে তল্লাশি চালায়। সেখানে হামলায় ব্যবহৃত কয়েকটি জিনিসের অনুরূপ জিনিস পাওয়া যায়।