ভার্জিনিয়ায় কয়লাখনিতে বিস্ফোরণে নিহত ২৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের পশ্চিম ভার্জিনিয়ায় একটি কয়লাখনিতে বিস্ফোরণে ২৫ জন নিহত হয়েছেন। ভূগর্ভের সহস্রাধিক ফুট নিচে অবস্থিত ওই খনিতে বিস্ফোরণের পর এখনো চারজন নিখোঁজ রয়েছেন। বিস্ফোরণের কারণ জানা যায়নি। ১৯৮৪ সালের পর যুক্তরাষ্ট্রের কোনো খনিতে এটাই সবচেয়ে ভয়াবহ বিস্ফোরণ। দেশটির রাজ্য নিরাপত্তা কর্মকর্তারা এসব কথা জানিয়েছেন।পশ্চিম ভার্জিনিয়ার প্রায় ৩০ মাইল দক্ষিণে কার্লেসটনে মেসি এনার্জি কোম্পানিতে গত সোমবার বিকেলে এ বিস্ফোরণ ঘটে। নিরাপত্তা কর্মকর্তারা জানান, বিস্ফোরণের ফলে সৃষ্ট বিষাক্ত গ্যাস খনি থেকে বের করে নেওয়ার পর উদ্ধার অভিযান শুরু হবে বলে তাঁরা জানান।রাজ্যের মাইন সেফটি অ্যান্ড হেলথ অ্যাডমিনিস্ট্রেশনের কর্মকর্তা কেভিন স্ট্রিকলিন এক সংবাদ সম্মেলনে বলেন, অবস্থা ভয়াবহ। কেভিন এর আগে আশা প্রকাশ করে বলেছিলেন, সোমবার বিকেলের ওই বিস্ফোরণে নিখোঁজ ব্যক্তিরা বেঁচে আছেন। সেই সঙ্গে তিনি তাঁদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী, পানীয় ও অক্সিজেনের ব্যবস্থা করার কথাও জানিয়েছিলেন। ভূগর্ভস্থ খনিতে বিস্ফোরণের জন্য সাধারণত মিথেন গ্যাসের চাপকে দায়ী করা হয়। কেভিন বলেন, দুর্ঘটনার সময় খনিতে ২৯ জন শ্রমিক কাজ করছিলেন। তাঁদের অনেকে বিস্ফোরণে এবং কেউ কেউ দম বন্ধ হয়ে মারা গেছেন। রাজ্য খনি পরিচালক রন উটেন বলেন, ‘অবস্থা সন্তোষজনক না হলেও আমরা এখনো আশা ছাড়িনি।’দুর্ঘটনার পরপরই বিষয়টি প্রেসিডেন্ট ওবামাকে জানানো হয়েছে। তিনি নিহত ব্যক্তিদের জন্য শোক প্রকাশ করে নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে তৎপরতা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। সর্বশেষ ১৯৮৪ সালে যুক্তরাষ্ট্রের অরেঞ্জ ভিলের এমারি মাইনিং করপোরেশনে খনি বিস্ফোরণে ২৭ জন নিহত হন।নিরাপত্তা কর্মকর্তারা বলেন, বিস্ফোরণের কারণ জানা না গেলেও কয়লা উত্তোলনের ক্ষেত্রে অনিয়মের বহু অভিযোগ রয়েছে মেসি এনার্জি কোম্পানির বিরুদ্ধে।