ভার্মা কমিশনের সুপারিশ পাল্টে দিতে চেয়েছিল কংগ্রেস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে ধর্ষণবিরোধী আইন সংস্কারে গঠিত ভার্মা কমিশনের সুপারিশ পাল্টে দিতে চেয়েছিল ক্ষমতাসীন কংগ্রেস। গভীর রাতে কংগ্রেসের নির্দেশনা নিয়ে কোনো এক ব্যক্তি কমিশনের প্রধানের বাড়িতে গিয়েছিলেন। বিষয়টি জানতে পেরে কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী দুঃখ প্রকাশ করেন।একটি সংবাদ চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই ঘটনা প্রকাশ করে দিয়েছেন কমিশনের প্রধান বিচারপতি জগদীশ শরণ ভার্মা। তিনি আরও জানান, ওই কমিশন গঠনের ক্ষেত্রে সহায়তা করেছিলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং ও অর্থমন্ত্রী পি চিদাম্বরম।সাক্ষাৎকারে বিচারপতি ভার্মা বলেন, ‘রাতের শেষ ভাগে কেউ একজন আমার বাড়িতে এলেন, আমাকে জাগিয়ে তুললেন এবং ব্যক্তিগতভাবে আমার হাতে কংগ্রেস দলের নির্দেশনা ধরিয়ে দিতে চাইলেন। তবে কোনোক্রমে বিষয়টি জেনে যান কংগ্রেসের সভানেত্রী। তিনি খুবই সদয় ব্যক্তি। পরদিন তিনি আমাকে ব্যক্তিগতভাবে ফোন করেন এবং আমার ওই অস্বস্তিকর পরিস্থিতির জন্য গভীরভাবে দুঃখ প্রকাশ করেন। আমাকে তখন বলতে হয়েছিল, এভাবে বলবেন না।’গত ১৬ ডিম্বের ভারতের মুম্বাইয়ে চলন্ত বাসে গণধর্ষণের শিকার হন মেডিকেলের এক ছাত্রী। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে দেশের ধর্ষণবিরোধী আইন সংস্কারে সরকার তিন সদস্যের একটি কমিটি গঠন করে। ভার্মা কমিশন ২৩ জানুয়ারি প্রতিবেদন জমা দেয়। এতে দেশের অপরাধ আইনে সংশোধনী আনতে সুদূরপ্রসারী বেশ কিছু সুপারিশ করা হয়।ভার্মা কমিশন গণধর্ষণের জন্য ২০ বছর এবং ধর্ষণ ও হত্যার জন্য যাবজ্জীবন কারাদণ্ডের সুপারিশ করে। তবে মৃত্যুদণ্ড দেওয়ার কোনো সুপারিশ করা হয়নি। সাক্ষাৎকারে ভার্মা বলেন, প্রধানমন্ত্রী মনমোহনের কাছ থেকে আদিষ্ট হয়ে অর্থমন্ত্রী পি চিদাম্বরম তাঁকে ফোন করায় তিনি কমিটির চেয়ারম্যানের দায়িত্ব নিতে রাজি হয়েছিলেন। এ বিষয়ে তিনি এখনো, এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্দের সঙ্গেও কথা বলেননি।মৃত্যুদণ্ডের কোনো সুপারিশ করা হয়নি কেন—এমন প্রশ্নের জবাবে ভার্মা বলেন, এ বিষয়ে বিভিন্ন নারীগোষ্ঠীর মধ্যে মতৈক্য হয়নি। পিটিআই।