ভারতে লোকসভা নির্বাচনে আঞ্চলিক পর্যায়ে ডজন খানেক দল ভালো ফল করলেও জাতীয় পর্যায়ে কেবল বড় দুটি দল প্রাধান্য বিস্তার করতে সমর্থ হয়েছে৷ ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও কংগ্রেস ছাড়া অন্য দলগুলো সারা দেশে তেমন ভোট পায়নি৷ খবর টাইমস অব ইন্ডিয়া৷
নয় দফায় অনুষ্ঠিত লোকসভা নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন জোট (এনডিএ) প্রায় ৩৮ শতাংশ এবং কংগ্রেসের নেতৃত্বাধীন জোট (ইউপিএ) ২৩ শতাংশ ভোট পেয়েছে৷ চারটি আঞ্চলিক দল সমাজবাদী পার্টি (এসপি), বহুজন সমাজ পার্টি (বিএসপি), তৃণমূল কংগ্রেস ও ডিএমকে মিলে েপয়েছে প্রায় ১৪ শতাংশ এবং বামফ্রন্ট পেয়েছে প্রায় পাঁচ শতাংশ ভোট৷
কংগ্রেস ও বিজেপির প্রাপ্ত ভোট একসঙ্গে হিসাব করলে দেখা যায়, বড় দুটি দল জাতীয় পর্যায়ে প্রায় ৫০ শতাংশ ভোট পেয়েছে৷ এবারের নির্বাচনের বড় বিস্ময়গুলোর একটি হচ্ছে, উত্তর প্রদেশে মায়াবতীর দল বিএসপি একটিও আসন পায়নি৷ অথচ বিদায়ী লোকসভায় দলটির ২১ জন সদস্য ছিলেন৷ এবার আসন না পেলেও নিজেদের সাবেক ঘাঁটি উত্তর প্রদেশে প্রায় ২০ শতাংশ ভোট পেয়েছে দলটি৷ অন্যান্য রাজ্যেও এ রকম ঘটেছে৷ পশ্চিমবঙ্গে বামফ্রন্ট প্রায় ৩০ শতাংশ ভোট পেলেও মাত্র দুটি আসন নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে তাদের৷ তামিলনাডুতে ডিএমকে ও ছোটখাটো কয়েকটি দলের জোট ২৭ শতাংশ ভোট পেলেও কোনো আসন পায়নি৷ ওডিশায় বিজেপি ২২ শতাংশ ভোট পেলেও মাত্র একটি আসনে জয়ী হয়েছে৷ সেখানে কংগ্রেস ২৬ শতাংশ ভোট পেলেও কোনো আসন পায়নি৷
আম আদমি পার্টি (এএপি) চার শতাধিক আসনে প্রার্থী দিয়েও ভালো করতে পারেনি৷ তবে নবীন দল হিসেবে দিল্লি ও পাঞ্জাব রাজ্যে দলটির অর্জন প্রশংসার দাবি রাখে৷ দিল্লিতে ৩৩ শতাংশ ভোট পেয়েছে এএপি৷ সেখানে গত ডিসেম্বরে বিধানসভা নির্বাচনে ২৮ শতাংশ ভোট পেয়ে স্বল্পমেয়ািদ একটি সরকারও গঠন করেছিল দলটি৷ এবার তারা বিজেপির সাফল্যের কাছে হেরে গেছে৷
নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী, কোনো রাজনৈতিক দলকে জাতীয় দলের স্বীকৃতি পেতে লোকসভা নির্বাচনে অন্তত চারটি রাজ্য থেকে কমপক্ষে ৬ শতাংশ ভোট পাওয়া বাধ্যতামূলক৷ এ ছাড়া ওই দলকে কোনো রাজ্য থেকে অন্তত চারটি লোকসভা আসনে জিততে হবে অথবা তিনটি রাজ্য থেকে সব মিলিয়ে ১১টি লোকসভার আসন পেতে হবে৷ সেই হিসেবে কংগ্রেস ও বিজেপি ছাড়া বর্তমানে আর কোনো দলের জাতীয় মর্যাদা নেই৷