ভালোবাসা হতাশার শেষ বার্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাগরে দ্রুত ডুবে যাচ্ছিল ফেরিটি। আরোহীদের অধিকাংশই বিদ্যালয়ের ছাত্রছাত্রী। তারা বুঝতে পারছিল, মৃত্যু প্রায় আসন্ন। তাই দেরি না করে মুঠোফোন-বার্তা পাঠাতে শুরু করে অনেকে। প্রিয়জনদের কাছে পৌঁছে যায় তাদের আতঙ্ক, মৃত্যুভয় ও হতাশার নানা অনুভূতি।
এসব হূদয়বিদারক বার্তা স্থানীয় সংবাদমাধ্যমে গতকাল বৃহস্পতিবার প্রকাশিত হলে অন্য রকম এক আবেগ সঞ্চারিত হয়। ফেরিটি গত বুধবার সকালে উল্টে একপর্যায়ে ডুবে যায়।
শিন ইয়ং-জিন নামের এক ছাত্র ওই ডুবন্ত ফেরি থেকে মায়ের উদ্দেশে লিখেছিল, ‘এই বার্তা পাঠাচ্ছি তোমার কাছে। কারণ, হয়তো আর কোনো দিনই কথাটা বলতে পারব না। মা, আমি তোমাকে ভালোবাসি।’
মা তখনো জানতেন না, ছেলে তখন দ্রুত ডুবন্ত জাহাজ থেকে নিজেকে বাঁচানোর প্রাণপণ লড়াই করছিল। জবাবে তিনি শিনকে লিখেছিলেন, ‘ওহ্, আমিও তোমাকে ভালোবাসি, বাবা।’
অবশ্য শিন শেষ পর্যন্ত রক্ষা পায়। এমন সৌভাগ্য অন্যদের ছিল না। ১৬ বছর বয়সী ছাত্র কিম উং-কি তার ভাইয়ের কাছে বার্তা পাঠিয়ে সাহায্য চেয়েছিল। সে লিখেছিল, ‘আমার ঘরটা প্রায় ৪৫ ডিগ্রি কাত হয়ে গেছে। মুঠোফোনও ঠিকমতো কাজ করছে না।’
জবাবে কিমের ভাই উদ্ধারের আশ্বাস দিয়ে লিখেছিলেন, ‘ভয় পেয়ো না। তোমাদের যা যা করতে বলা হয়, তা-ই করো। সব ঠিক হয়ে যাবে।’ এরপর কিমের আর কোনো খোঁজ মেলেনি।
শিন নামের ১৮ বছর বয়সী এক ছাত্রী বাবাকে বার্তা পাঠিয়েছিল, ‘বাবা, চিন্তা কোরো না। আমি লাইফজ্যাকেট পরেছি এবং অন্য মেয়েদের সঙ্গেই আছি। এখনো আমরা ফেরির ভেতরে।’
উদ্ধার তৎপরতা ব্যাহত: প্রতিকূল আবহাওয়া, ঘোলাটে পানি এবং জোরালো স্রোতের কারণে ফেরি উদ্ধারের কার্যক্রম ব্যাহত হচ্ছে। এর মধ্যেই জরুরি সেবা বিভাগ এখনো নিখোঁজ ৩০০ জনের অনুসন্ধানে ব্যাপক তৎপরতা চালাচ্ছে।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন-হি দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এএফপি।