ভালোবাসার দ্বীপে ঘর বাঁধবেন উইলিয়াম আর কেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাঙ্গলিস একটি দ্বীপের নাম। যুক্তরাজ্যের ওয়েলসের উত্তর-পশ্চিমাঞ্চলীয় উপকূলে এর অবস্থান। রাজসিংহাসনের দ্বিতীয় উত্তরসূরি প্রিন্স উইলিয়াম ও তাঁর বাগদত্তা কেট মিডলটন নতুন সংসার এ দ্বীপেই পাতবেন বলে স্থির করেছেন।লন্ডন বা প্রথাগতভাবে রাজপরিবারের সদস্যদের পছন্দের অন্য ইংলিশ কাউন্টিগুলো থেকে বেশ দূরে অ্যাঙ্গলিস। অনেকেই তাই নিশ্চয়ই কৌতূহলী হবেন এটা জানতে যে, কী কারণে এ দ্বীপের প্রতি আকৃষ্ট হলেন উইলিয়াম দম্পতি।নবদম্পতির কাছে অ্যাঙ্গলিসর (ওয়েলশ নাম ‘আনিস মন’) প্রধান আকর্ষণ সম্ভবত এর তুলনামূলক প্রত্যন্ততা ও নির্জনতা। তবে পর্যটননির্ভর এই দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্যের টানে অনেকেই সেখানে বেড়াতে যান। এখানকার বাসিন্দারাও বেশ অতিথিপরায়ণ। দ্বীপের বেশির ভাগ মানুষের ভাষা ওয়েলশ। এ ভাষার একটি বিশেষত্ব হচ্ছে নামের বিশালত্ব। যেমন একটি রেলস্টেশনের নাম ৫৮ অক্ষরের। এটিই যুক্তরাজ্যের সবচেয়ে বড় স্থাননাম।প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের আসার অপেক্ষায় স্থানীয় লোকজনের অনেকেই রোমাঞ্চিত। সেখানকার পর্যটনব্যবসা-সংক্রান্ত কর্মকর্তারা বলেছেন, নবদম্পতি দ্বীপে বসবাস শুরু করলে তাঁদের গোপনীয়তার প্রতি সম্মান দেখানো হবে।অ্যাঙ্গলিস থেকে হাঁটা দূরত্বেই খুদে দ্বীপ লানডোয়াইর। ওয়েলশদের কাছে এর পরিচিতি ভালোবাসার দ্বীপ হিসেবে। ওয়েলশের প্রেমিক-প্রেমিকাদের প্যাট্রন সেইন্ট হিসেবে পরিচিত সন্ন্যাসিনী সান্টেস ডোয়াইনওয়ের এখানকারই মানুষ ছিলেন। পঞ্চম শতকের পর থেকে এই সন্ন্যাসিনীর ইতিহাস সম্পর্কে আর কোনো তথ্য পাওয়া যায় না। তবে জনশ্রুতি বলে, তিনি ছিলেন একজন আইরিশ রাজার নাতনি, যিনি কিনা প্রেমিক-প্রেমিকাদের কল্যাণে নিজেকে উৎসর্গ করেছিলেন। সে সময়কার একটি গির্জার ধ্বংসাবশেষ এখনো টিকে আছে। প্রতিবছরের ২৫ জানুয়ারি ওয়েলশের মানুষ সেখানে তাদের মতো করে ‘ভালোবাসা দিবস’ পালন করে। উইলিয়াম আর কেটের মাথায় এ বিষয়টিও থেকে থাকতে পারে। বিবিসি।