ভালোবাসার মানুষ খুঁজে পাওয়া কঠিন: প্রিন্স হ্যারি
ব্রিটিশ রাজসিংহাসনের তৃতীয় উত্তরাধিকারী প্রিন্স হ্যারি বলেছেন, কারও সঙ্গে ভালোবাসার সম্পর্ক টিকিয়ে রাখার ক্ষেত্রে বর্তমান গুরুদায়িত্ব বড় বাধা বলে প্রমাণ হতে পারে। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে রাজপরিবারের সদস্য হিসেবে মনের মানুষ খুঁজে পাওয়ার সমস্যার কথা এভাবেই বললেন প্রিন্স হ্যারি। দাদি ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের শাসনামলের ৬০তম বর্ষপূর্তি উপলক্ষে প্রিন্স হ্যারি সমপ্রতি লাতিন আমেরিকা সফর করেন। সফরের শেষ দিন তিনি এই সাক্ষাৎকার দেন। ২৭ বছর বয়সী প্রিন্স হ্যারি এখন অ্যাপাচি হেলিকপ্টারের পাইলট হিসেবে প্রশিক্ষণ নিচ্ছেন। তিনি মনে করছেন, এই দায়িত্বশীল কাজ কারও সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে। তিনি আরও বলেন, বিশ্বজুড়ে মানবকল্যাণে কাজ করার ক্ষেত্রে তাঁর যে আকাঙ্ক্ষা, এতে সবচেয়ে বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করছে তাঁর মায়ের আদর্শ।বিয়ে প্রসঙ্গে প্রিন্স হ্যারি বলেন, ‘ওই স্থান পূরণে আমি খুব বেশি খোঁজাখুঁজি করছি না। তবে তেমন কাউকে পেলে সে সুযোগ তো নেবই।’১০ দিনের এই সফরে লাতিন আমেরিকাজুড়ে বেশ কয়েকজন সুন্দরী নারীর সঙ্গে সাক্ষাৎ হয় হ্যারির। এর মধ্যে নারীদের শৌখিন অন্তর্বাস ও সৌন্দর্যচর্চার সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান ভিক্টোরিয়া সিক্রেটের একজন নামকরা মডেল রয়েছেন। রয়েছেন মিস বাহামা, যিনি হ্যারিকে বিয়ে করতে চান বলে ঘোষণা দেন।প্রিন্স হ্যারির দীর্ঘদিনের একমাত্র বান্ধবী বলতে চেলসি ডেভিকেই বোঝায়। টানা পাঁচ বছর প্রেম করার পর ২০০৯ সালে তাঁদের সম্পর্ক চুকে যায়। দি টেলিগ্রাফ।