ভালোবাসার রাজনীতির যুদ্ধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গল্প-উপন্যাস কিংবা বাস্তবে ধর্ম, বর্ণ ও সামাজিক অবস্থানের ব্যবধানে কত প্রেম-ভালোবাসা পরিণয়ে রূপ নেয়নি, তার ইয়ত্তা নেই। কান্না-বিরহ, কখনো বা অনাকাঙ্ক্ষিত মৃত্যুর মধ্যেই শেষ হয়েছে মধুর ভালোবাসা। কখনো বা পরিবারকে না জানিয়ে বিয়ে করায় সব ধরনের অধিকার থেকে সন্তানকে করা হয়েছে বঞ্চিত।কিন্তু কুমার শ্রীশ্রী চান, জাতপাতের ব্যবধানে আর যা-ই হোক, প্রেম-ভালোবাসাকে গলাটিপে হত্যা করা যায় না। ভারতের তামিলনাড়ু রাজ্যের এই বাসিন্দা ২০০৮ সালে তাই গঠন করলেন অল ইন্ডিয়া লাভার্স পার্টি (আইএলপি) নামের একটি রাজনৈতিক দল। ধর্ম, বর্ণ ও সামাজিক অবস্থানের কারণে যেসব যুগলের বিয়ের পেছনে পরিবার বাধা হয়ে দাঁড়ায়, তাঁদের বিয়েতে সমর্থন জানানোই হচ্ছে আইএলপির প্রধান কাজ।তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ে দলটির সদর দপ্তর অবস্থিত। পারিবারিক সমর্থনবঞ্চিত যুগলদের বিয়েতে সমর্থন জানানোর পাশাপাশি আইএলপি এসব যুগলের জন্য কর্মক্ষেত্রে বাড়তি সুবিধা প্রদান, নিখরচায় আবাসন ও তাঁদের সন্তানদের দেখাশোনার ব্যবস্থা করার দাবি জানিয়ে আসছে।এ পর্যন্ত ২৫ জোড়া যুগলকে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে সাহায্য করেছে আইএলপি। কুমারের পরবর্তী লক্ষ্য, ভারতীয় পার্লামেন্টে তাঁর দলের প্রতিনিধিত্ব সৃষ্টি করা। তিনি বলেন, ‘আমার লক্ষ্য ২০১৪ সাল নাগাদ জাতীয় পার্লামেন্টে আইএলপি থেকে অন্তত ১০টি আসন পাওয়া।’ ৩৫ বছরের এই যুবক বলেন, ‘আমি মরলেও আইএলপি গঠনের জন্য লোকজন আমাকে চিনবে।’রাজনীতিতে নামার আগে চলচ্চিত্র তারকা হওয়া ছিল কুমারের লক্ষ্য। এই লক্ষ্যে ১৯৮৯ সালে গ্রাম ছেড়ে চেন্নাইয়ে (তামিল চলচ্চিত্রের জন্য বিখ্যাত) আসেন কুমার। অনেক চেষ্টায় সেখানকার একটি স্টুডিওতে জুনিয়র রূপসজ্জাকর হিসেবে কাজ পান। এই কাজ করতে গিয়ে সাক্ষাৎ হয় রূপসজ্জা সহকারী মঙ্গাদেবীর সঙ্গে। একপর্যায়ে দুজনে প্রেমে জড়িয়ে পড়েন। সিদ্ধান্ত নেন বিয়ের।কিন্তু কুমারের পরিবার এ বিয়েতে বাধা হয়ে দাঁড়ায়। মঙ্গাদেবীর বাবা দর্জির কাজ করায় তাঁর সঙ্গে ছেলের বিয়ে দিতে রাজি হচ্ছিল না কুমারের সচ্ছল পরিবার। কুমারের মা-বাবা দুই থেকে পাঁচ লাখ রুপি পণ দিতে পারে, এমন মেয়েপক্ষ খুঁজছিলেন। কিন্তু মঙ্গাদেবীর বাবা এই পণ দিতে অসমর্থ হওয়ায় কুমারের পরিবার ভড়কে যায়। শেষে কোনো উপায় না পেয়ে পরিবারের অসম্মতিতেই মঙ্গাদেবীকে বিয়ে করেন কুমার।কুমার বলেন, ‘প্রেমিক-প্রেমিকারা কী ধরনের সমস্যা মোকাবিলা করে, তা এ ঘটনা থেকে আমি জানতে পেরেছি। প্রতিটি পরিবার বর্ণ ও অর্থের ভিত্তিতে তাদের ছেলেমেয়ের বিয়ে দিতে চায়।’নিজের জীবনের এই কঠিন অভিজ্ঞতাই কুমারকে তাঁর ব্যতিক্রমী রাজনৈতিক দল গঠনে উৎসাহিত করে। কুমার বলেন, ‘প্রেমিক-প্রেমিকাদের নিয়ে দল গঠনের কথা শুনে লোকজন প্রথমে হাসে। কিন্তু আমি জানি, এই দেশে লাখ লাখ প্রেমিক-প্রেমিকা আছে, যারা আমাকে ভোট দেবে।’রাজনৈতিক ইচ্ছাপূরণে কুমার প্রথমবারের মতো এবার তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে নির্বাচনে খুব একটা ভালো করতে পারেননি। বড় ব্যবধানে হেরে জামানত খুইয়েছেন। কিন্তু এতে মোটেও হতাশ নন কুমার। তিনি বলেন, ‘কোনো সমস্যা নেই। এটা আমার প্রথম নির্বাচন। সামনে অনেক সময় পড়ে আছে।’ তিনি আরও বলেন, ‘একটা বিষয়ে আমি নিশ্চিত, ভালোবাসা ছাড়া কোনো কিছুই সফল হতে পারে না।’ এএফপি।