ভালোবাসার সুপার মার্কেট!
এবারের ভ্যালেন্টাইনস ডেতে সঙ্গীহীন চীনারা হয়তো সঙ্গীর দেখা পেয়ে যেতেও পারে। তবে প্রাণসখি বা সখাকে খুঁজতে তাদের সাতসমুদ্র তেপান্তর পাড়ি দিতে হবে না। রাজধানী বেইজিংয়ে ‘আই অ্যাম লুকিং ফর ইউ’ নামের একটি সুপার মার্কেট বা বিপণিকেন্দ্র সঙ্গীপ্রার্থী চীনাদের পসরা সাজিয়ে বসেছে। সেখানে গিয়ে শুধু খুঁজে নিতে হবে পছন্দের সঙ্গীর নাম-পরিচয়। আর বিপণির তথ্যভান্ডারে পছন্দের কাউকে না পেলে নাম-পরিচয় রেখে আসতে হবে অথবা ডাকে পাঠিয়ে দিতে হবে। কেউ হয়তো বেছে নেবে তাকে।২০০৯ সালের ১১ নভেম্বর চীনে অঘোষিত ‘সিঙ্গেলস ডে’ বা ‘একাকিত্ব উদ্যাপন দিবস’-এ যাত্রা শুরু করে ‘আই অ্যাম লুকিং ফর ইউ’। শুরুতে বিপণিটি সঙ্গীহীন নারী-পুরুষের দেখা করার স্থান হিসেবে ব্যবহূত হতো। কিন্তু এখন বিপণি কর্তৃপক্ষের কাছে সঙ্গীহীনদের একটি তথ্যভান্ডার রয়েছে। ‘আই অ্যাম লুকিং ফর ইউ’ থেকে সেবা পেতে ২০ ইউয়ান (চীনা মুদ্রা) দিয়ে নিবন্ধন করতে হবে। এ পর্যন্ত এক হাজার গ্রাহক সেখানে নিবন্ধন করেছে। আর সেখান থেকে ৫০টিরও বেশি জুটি তৈরি হয়েছে।সুপার মার্কেটে নিবন্ধিত সদস্যরা ছবির সঙ্গে তাদের নাম, পরিচয়, আয়, বয়স, পেশা ইত্যাদি তথ্য জমা দেয়। পাশাপাশি তারা কেমন সঙ্গী চায়, সে ব্যাপারেও বিবরণ লেখে। সদস্যদের এসব তথ্য অন্যদের জন্য উন্মুক্ত থাকে।বিপণির ব্যবস্থাপক গাও শান বলেন, ‘একাকী মানুষ একটি নিরাপদ, বন্ধুত্বপূর্ণ ও দুশ্চিন্তামুক্ত পরিবেশে একে অন্যের সঙ্গে দেখা করতে চায়। এমন ধারণা থেকেই সুপার মার্কেটটি চালু করি আমরা। অবকাশ কাটানোর জন্য এই ভালোবাসার বিপণি তৈরি করা হয়নি, বরং মানুষকে একাকী জীবনের অবসান ঘটানোর সুযোগ করে দেওয়ার উদ্দেশ্যেই কাজ করছি আমরা।’ গাও শান বলেন, ‘একা রয়েছেন এমন অনেক চীনাই অভিযোগ করে, প্রতিযোগিতাপূর্ণ এই সমাজে কাজ বা পড়ালেখার চাপের কারণে তারা ভালো করে মেলামেশা করার সুযোগ পায় না।’শিক্ষিকা কু হুই (২৫) বলেন, বিপণিটি তাঁকে সঠিক জীবনসঙ্গী ও বন্ধু খুঁজে নেওয়ার সুযোগ করে দিয়েছে। তিনি আরও বলেন, ‘আশা করি, এখানে জীবনসঙ্গীকে খুঁজে পাব আমি। কিন্তু তেমনটি সম্ভব না হলেও এখানে ভালো কয়েকজন বন্ধু অন্তত পাওয়া যাবে বলে আশা রয়েছে আমার।’চীনে পুরুষদের জন্য নারী সঙ্গী খুঁজে পাওয়াটা উদ্বেগের পর্যায়ে পৌঁছে যাচ্ছে। একটি জরিপের বরাত দিয়ে সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, ২০২০ সাল নাগাদ প্রায় আড়াই কোটি বিয়ের যোগ্য চীনা পুরুষ বিয়ে করার জন্য মেয়ে খুঁজে পাবে না। জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে গিয়ে সেখানে নারী-পুরুষের অনুপাতে এই বৈষম্য সৃষ্টি হয়েছে। রয়টার্স অনলাইন।