ভালোভাবে কাজ করুন নয়তো মন্ত্রিত্ব ছেড়ে দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, মন্ত্রিসভায় থাকতে হলে মা, মাটি ও মানুষের জন্য ভালোভাবে কাজ করতে হবে। নইলে মন্ত্রিত্ব ছেড়ে দিতে হবে। গত রোববার কলকাতার মহারাষ্ট্রের নিবাস হলে দলীয় মন্ত্রী, সাংসদ, বিধায়ক ও নেতাদের সঙ্গে বৈঠকের সময় তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।তৃণমূল কংগ্রেসনেত্রী মমতা বলেন, মানুষ অনেক প্রত্যাশা নিয়ে তৃণমূলকে গদিতে বসিয়েছে। কাজের মাধ্যমে মানুষের প্রত্যাশা পূরণ করতে হবে। মানুষকে মর্যাদা দিতে হবে। বিশেষ করে জেলা থেকে যাঁরা মন্ত্রী হয়েছেন, কাজের ব্যাপারে তাঁদের আরও সক্রিয় হতে হবে।মন্ত্রীদের সতর্ক করে দিয়ে মমতা বলেন, কোনো মন্ত্রী সাধারণ মানুষের স্বার্থবিরোধী কাজ করলে তাঁকে ক্ষমা করা হবে না। মুখ্যমন্ত্রী বলেন, সিপিএমের কর্মী ও সমর্থকেরা এখন দলে দলে তৃণমূলে আসছেন। সব সিপিএম খারাপ নয়। সিপিএমের যেসব সদস্য তৃণমূলে এসেছেন, তাঁদের সঙ্গে চেয়ার ভাগ করে বসুন। আর যাঁরা সত্যি ভালো নয়, তাঁদের দল থেকে বিতাড়িত করুন। দলীয় নেতাদের সতর্ক করে দিতে মমতা বলেন, দলের অন্দরে কোনো দুর্নীতির প্রশ্রয় দেওয়া হবে না। মানুষের স্বার্থে, মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। প্রদীপের অভিযোগকংগ্রেসের রাজ্য সভাপতি প্রদীপ ভট্টাচার্য গতকাল কলকাতায় এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, ক্ষমতা গ্রহণের পর থেকে তৃণমূল কংগ্রেস নানা সন্ত্রাসমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। তৃণমূল কংগ্রেসের সমর্থকেরা এ সময়ের মধ্যে কংগ্রেসের নেতা-কর্মীদের মারধর করেই ক্ষান্ত হননি। তাঁরা কংগ্রেসের বিভিন্ন কার্যালয় ভাঙচুর করেছেন। প্রদেশ কংগ্রেস কার্যালয়ে তৃণমূলের হামলার ৬১টি ঘটনার অভিযোগ জমা পড়েছে। প্রদীপ বলেন, এ ধরনের হামলা বন্ধের দাবিতে কংগ্রেসের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতার কাছে একটি আবেদনপত্র পাঠানো হবে।